পৌষমেলা বন্ধ হলে থেমে যাবে হাসপাতালের জনসেবা

মামলার জেরে ইতিমধ্যেই বিনামূল্যে ওষুধ পরিষেবা বন্ধ হয়েছে

প্রত্যেক বছর পৌষমেলা থেকে যা আয় হয়, তার লভ্যাংশ যায় শান্তিনিকেতন ট্রাস্টের তহবিলে। সেই টাকা জনসেবায় ব্যবহার করা হয়। গত কয়েকবছর ধরে মামলার খরচ জোগাতে গিয়ে সেই তহবিল প্রায় নিঃশেষ। এর ফলে মার্চ মাসের পর থেকে ট্রাস্ট রোগীদের আর বিনামূল্যে ওষুধ দিতে পারছে না। পৌষমেলা বন্ধ হলে, বাকি জনসেবামূলক কাজগুলোও থেমে যাবে বলে আশঙ্কা করছে শান্তিনিকেতন ট্রাস্ট। 

পৌষমেলার লভ্যাংশ থেকে বিশ্বভারতীর দীনবন্ধু অ্যান্ড্রুজ হাসপাতালে প্রতিদিন মোটামুটি ৬০-৭০ জন রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরিসেবা দেওয়ার বন্দোবস্ত করে শান্তিনিকেতন ট্রাস্ট। ২০১৬ সাল থেকে পরিবেশ দূষণের অভিযোগে পৌষমেলা নিয়ে মামলা চলছে। তাতে লক্ষাধিক টাকা খরচ হয়েছে ট্রাস্টের। তহবিলে টান পড়েছে এর জেরে। বিনামূল্যে ওষুধ দেওয়ার পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন শান্তিনিকেতন এলাকার বহু দুঃস্থ মানুষ। পরিবেশকে যথাযথভাবে রক্ষার ব্যবস্থা রেখে যাতে আবার মেলা শুরু করা যায়, এখন সেটাই চাইছেন আম-বাঙালি থেকে শান্তিনিকেতনের আবাসিকরা। 

Developed by DXDasia