কলকাতা পুরসভার উদ্যোগ
মিউজিয়াম হয় দুই রকমের। আমাদের মহানগরের বিখ্যাত ভারতীয় জাদুঘর একটি অবজেক্ট মিউজিয়ামের উদাহরণ। কলকাতা টাউন হলের এক তলায় এবার গড়ে উঠছে থিম মিউজিয়াম, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিলোত্তমার ইতিহাস দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।
কলকাতা পুরসভার উদ্যোগে এই মিউজিয়াম গড়ে উঠবে। এর বেশিরভাগ প্রদর্শনই হবে ডিজিটাল মাধ্যমে। ১৯৯৫ সালে টাউন হলের বেসমেন্টে একটি ছোটো থিম মিউজিয়াম চালু হয়েছিল, কিন্তু সেটি নানা কারণে জনপ্রিয় হয়নি। সেই মিউজিয়ামের সমস্যাওগুলিকে মাথায় রেখেই নতুন মিউজিয়ামকে আকর্ষণীয় করে তোলা হবে।
বর্তমানে টাউন হলে সংস্কারের কাজ চলছে। সংস্কার শেষ হলেই মিউজিয়াম তৈরির কাজ শুরু হবে। এখন ডিপিআর বানানো হচ্ছে। আট হাজার বর্গফুট এলাকায় এই প্রকল্প রূপায়নের দায়িত্ব নিয়েছে খড়গপুর আইআইটি। মহানাগরিক ফিরহাদ হাকিম মিউজিয়াম নির্মাণের তত্ত্বাবধান করার জন্য একটি কমিটি তৈরি করেছেন, যার শীর্ষে মেয়র পারিষদ দেবাশিস কুমার। এছাড়া, বিশিষ্ট শিল্পী শুভাপ্রসন্ন, কলকাতার ইতিহাস গবেষকরা, খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরাও আছেন কমিটিতে।
কল্লোলিনীর ইতিহাসকে এই মিউজিয়ামে তুলে ধরা হবে তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকবে ব্রিটিশরা বাংলার সিংহাসন দখল করার আগের কলকাতা, শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপত্য, কলকাতা পুরসভার জন্ম প্রভৃতির বৃত্তান্ত। কলকাতাকে ঘিরে বাংলার নবজাগরণ, স্বাধীনতা সংগ্রাম, ৪৩-এর মন্বন্তর, স্বাধীনতার সময়ে কলকাতার অবস্থা ইত্যাদির গল্প ফুটে উঠবে পরবর্তী পর্যায়ে। শেষ পর্যায়ে থাকবে স্বাধীনতার পরে কলকাতার বিবর্তনের ইতিবৃত্ত। একটি বিশাল ফাইবারের মডেলে তুলে ধরা হবে কলকাতার ভূতাত্ত্বিক ইতিহাস।