
দিনযাপনে বাছাই করা খবর
লক্ষ্য ডিজিটাল লাইব্রেরি, বইমেলায় সাড়া পাচ্ছে আইআইটি খড়গপুর
বিগত দুই বছর ধরে কলকাতা বইমেলায় স্টল দিচ্ছে আইআইটি খড়গপুর। উদ্দেশ্য, ডিজিটাল লাইব্রেরিকে আরও বেশি প্রচারের আলোয় নিয়ে আসা। তাদের এই প্রচারে সাড়াও মিলছে প্রচুর। লীলা মজুমদার থেকে নবনীতা দেবসেন, স্বাধীনতা থেকে নকশাল আন্দোলন – এক ক্লিকেই হাতের কাছে মিলবে মূল্যবান বই। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সহায়তায় ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া নামের একটি অনলাইন গ্রন্থাগার তৈরি করেছেন তারা। এবছর কলকাতা বইমেলায় এখনও পর্যন্ত সেখানে নাম লিখিয়েছেন প্রায় ৪৩ হাজার মানুষ। গল্প-উপন্যাস-প্রবন্ধ ছাড়াও রয়েছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের বই, বিভিন্ন জার্নাল, এমনকি ১৬টি স্কুল বোর্ডের পাঠ্যপুস্তকও। ছবি- নিজস্ব।

দেশ-বিদেশের সিনেমা নিয়ে শুরু হচ্ছে প্রথম শান্তিপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
প্রথমবারের জন্য নদিয়ার শান্তিপুর শহরে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তত্ত্বাবধানে শান্তিপুর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফোরাম (SIFF)। দুই দিনের এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে দেশ-বিদেশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। যার মধ্যে তালিকায় রয়েছে – ‘লুমিয়ের অ্যান্ড কোম্পানি’ (ডেনমার্ক), ‘টু ইচ হিজ ওউন সিনেমা’ (ফ্রান্স), ‘কমলা রকেট’ (বাংলাদেশ), ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ (ভারত), ‘হিটলার- আপসাইড ডাউন’ (ভারত) ইত্যাদি। শান্তিপুর মানেই শাড়ি বা গামছা। যে ঐতিহ্য ছড়িয়ে আছে সারা বিশ্বে। উৎসবের লোগোটিও তাই তৈরি করা হয়েছে শান্তিপুরের নিজস্ব সংস্কৃতিকে মাথায় রেখে। এই উৎসব চলবে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি, শান্তিপুরের গীতা প্যালেসে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শন চলবে। ছবি- SIFF।

দমদম সংশোধনাগারের বন্দিরাই এখন রেডিও জকি, প্রথম উদ্যোগ রাজ্যে
দেশের নানা সংশোধনাগারেই এখন ‘ইন্টারনাল রেডিও নেটওয়ার্ক’ দেখা যায়। এবার বন্দিদের বিনোদনের লক্ষ্যে পশ্চিমবঙ্গেও চালু হল এমন ব্যবস্থা। আজ থেকে যাত্রা শুরু করল ‘রেডিও দমদম’। দমদম সংশোধনাগারের এই ‘ইন হাউজ’ রেডিও স্টেশনে আরজে হিসেবে থাকছেন বন্দিরাই। প্রথমে ১০ জনকে বেছে নিয়ে রেডিও জকির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে ৫ জনকে। প্রতিদিন ১০ ঘণ্টা ধরে নানান স্লটে চালু থাকবে ‘রেডিও দমদম’। বন্দিদের শোনাতে ইতিমধ্যেই তার সিস্টেমে প্রচুর গান মজুত করা হয়েছে। ওয়ার্ড এবং সেলগুলিতে বসানো হয়েছে মাইক। পরবর্তীকালে যাতে বন্দিদের অনুরোধে মতো গান চালানো যায়, সেটাও ভেবে দেখছে সংশোধনাগার কর্তৃপক্ষ।

বক্সায় আসছে ৬টি রয়্যাল বেঙ্গল টাইগার
গত ৩০ বছর ধরে বক্সা প্রকল্পে বাঘেদের প্রত্যক্ষ উপস্থিতি টের পাওয়া যায়নি। এবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে বক্সায় ৬টি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হবে। এই বিষয়ে ন্যাশানাল টাইগার কনজারভেশন অথরিটির ছাড়পত্র পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। বাঘেদের বসবাসের জন্য পুরুন্ডি ও ঢাড্ডার তৃণভূমি গড়ে তোলা হয়েছে বক্সায়। বাঘেদের ঠিকঠাক খাবারের জোগান দিতে ছাড়া হয়েছে বেশ কিছু সম্বর ও চিতল হরিণ। প্রথম দফায় এখানে তিনটি বাঘ আনবে রাজ্য বন দপ্তর। সেগুলির ওপর নজরদারি চালানোর পর আরও তিনটি বাঘ নিয়ে আসা হবে।
