
২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতকে ম্যাচ ছেড়েছিল শ্রীলঙ্কা?
এবার ২০১১-র বিশ্বকাপে ওয়াংখেরে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। ফেসবুকে ২০১১-র সেই ম্যাচের ছবি পোস্ট করে লিখলেন, আমিও সেদিন ওখানে ছিলাম ধারাভাষ্যকার হিসাবে। টিমের হার দেখে যারপরনাই হতাশ হয়েছিলাম। একই সঙ্গে ওই ম্যাচ নিয়ে আমার মনে সন্দেহ দানা বেঁধেছিল। শুধু মন্তব্য করেই থেমে থাকেননি রণতুঙ্গা। এ বিষয়ে তদন্ত দাবি করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট ইঙ্গিত সেদিন ম্যাচ ছেড়েছিল শ্রীলঙ্কা।
রণতুঙ্গার এই মন্তব্যে বিশ্ব ক্রিকেটে ঝড় উঠেছে। তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য গৌতম গম্ভীর এবং আশিস নেহরা। গম্ভীর বলেন, আগে হাতে প্রমাণ নিয়ে রণতুঙ্গার এই ধরণের দাবি করা উচিত ছিল। আর নেহরার কথায়, ‘আমি যদি ওদের ১৯৯৬-এর বিশ্বকাপ জয় নিয়ে এমন মন্তব্য করি, সেটা কি খুব সুরুচিকর হবে?’
