
আসানসোল, বীরভূমে সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়
কলকাতা আপাতত রেহাই পেয়েছে বৃষ্টির হাত থেকে। সোমবার রাত থেকে নিম্নচাপ সরে গিয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল এবং ঝাড়খণ্ডের দিকে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া চলছে রাজ্যের পশ্চিমাঞ্চলে।
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল আগেই। সোমবার সকালেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। যার জেরে সারাদিন ধরে মুষলধারায় বৃষ্টি। সন্ধের পর থেকে কলকাতার আশপাশের এলাকায় বৃষ্টি কমতে থাকে।
কলকাতায় যখন থেকে বৃষ্টি কমতে থাকে, ঠিক তখন থেকেই বৃষ্টি আর দমকা হাওয়ার দাপট বাড়তে থাকে রাজ্যের পশ্চিমাঞ্চলে। আসানসোল, বীরভূমে সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় জল জমে যায়। মঙ্গলবার সারাদিনই এই অবস্থা জারি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সারাদিনই কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্যা আরও বেশ কিছুদিন থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
