৩০০ বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়মিত দু’বেলা অন্নদান করেন বরানগরের দেবকুমার

প্রতিদিন টিফিন বাক্সে করে পৌঁছে দেন ভাত-ডাল-সবজি

পানিহাটি থেকে কাশীপুর পর্যন্ত বিশাল এলাকায় যদি কোনো অসহায় বৃদ্ধ-বৃদ্ধা অনাহারে থাকেন, খবর পৌঁছে যায় তাঁর কাছে। এলাকার বিশিষ্ট লোকজন এবং ক্লাবগুলোকে বলা আছে, প্রবীণ কেউ অভুক্ত থাকলে যেন ফোন করে জানানো নয়। সোশ্যাল মিডিয়া থেকেও পাওয়া যায় খোঁজ। এভাবে প্রতিদিন দু’বেলা প্রায় ৩০০ প্রবীণ মানুষকে খাবার পৌঁছে দেন টবিন রোডের বাসিন্দা দেবকুমার মল্লিক।

পেশায় তিনি একজন সফল কাপড়ের ব্যবসায়ী। বছর পাঁচেক আগে টবিন রোডের অসহায় এক বৃদ্ধ দম্পতিকে অনাহারে থাকতে দেখে দেবকুমার সিদ্ধান্ত নেন, প্রতিদিন তাঁদের খাবারের ব্যবস্থা করবেন। তারপর আরও বৃদ্ধ-বৃদ্ধাদের খোঁজ আসে। নিজের রোজগার থেকেই সবারই পেট ভরানোর উদ্যোগ নেন দেবকুমার। 

ঝড়-জল উপেক্ষা করে দেবকুমারের ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা প্রতিদিন মোটামুটি ৩০০ জনের কাছে টিফিন বাক্স পৌঁছে দেন দু’বেলা। তাতে মিনিকট চালের ভাত, মুগ ডাল আর একটা সবজি থাকে। একেকদিন একেক রকম সবজি। টবিন রোডে সাঁইবাবার একটি মন্দির প্রতিষ্ঠা করেছেন দেবকুমার। সেখানেই রান্না করা হয় সেইসব খাবার। 

Developed by DXDasia