নতুন পথ ধরে টয়ট্রেন ছুটবে মে মাস থেকেই
পাহাড়ের গা বেয়ে উঠছে খেলনা রেলগাড়ি। একের পর একটা লুপ, কখনো বা রিভার্স পেরিয়ে জঙ্গলপথের রোদ-ছায়া ধরে রেলগাড়ি উঠছে পাহাড়ে। দার্জিলিঙের টয়ট্রেন এক আবহমান বিস্ময়। ইতিহাস আর মুগ্ধতা এর গায়ে লেপ্টে রয়েছে। কিন্তু, এই টয়ট্রেনের এই চিরচেনা পথের আকর্ষণ কি আগের মতোই আছে পর্যটকদের কাছে!
টয়ট্রেনের হাত ধরেই এবারে অচেনা দার্জিলিং-কে চেনানোর দায়িত্ব নিয়েছে আইআরসিটিসি। শিলিগুড়ি থেকে তিনধরিয়া– ৩০ কিলোমিটার রাস্তা ধরে দুলকি চালে ছুটবে টয়ট্রেন। পথে পড়বে তিনটে লুপ আর তিনটে রিভার্স। এই রেলপথ পর্যটকদের কাছে অজানা। অচেনা এই পথজুড়ে বিছিয়ে থাকা হিমালয়ের সৌন্দর্যও। সাড়ে তিন ঘণ্টার যাত্রাপথে টয়ট্রেনের নিজস্ব মাদকতার সঙ্গে জুড়বে এই অচেনা পথের রহস্য। এই নতুন পথে খেলনা রেল ছুটতে শুরু করবে ২৪ মে থেকে।
তবে, শুধুই এই ৩০ কিমি নতুন পথই নয়, এই গোটা ভ্রমণকে একটা প্যাকেজে বুনছে আইআরসিটিসি। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসি টু-টিয়ার বা থ্রি-টিয়ারে করে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়িতে শিলিগুড়ি স্টেশন। তারপর টয়ট্রেনে তিনধরিয়া। এই প্যাকেজেই রয়েছে দার্জিলিং-ও। পাঁচ রাত-ছ’দিনের ট্যুর। মাথাপিছু খরচ তেইশ হাজার টাকা। প্রতিটা ট্যুরে যেতে পারবেন ২৪ জন পর্যটক।
তবে মূল আকর্ষণ ফার্ন, অর্কিডে ঢাকা হিমালয়ের পাহাড়, খাদ আর লুপ, রিভার্স পেরিয়ে ছুটে চলা খেলনা রেলগাড়ি। অচেনা দার্জিলিং ডাকছে।
ছবি: রূপম দে।
ছবিসূত্র: উইকিমিডিয়া কমনস।
