
আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা
গরমের মরশুমে পর্যটকদের ভিড় বাড়ে দার্জিলিং-এ। আর কাঞ্চনজঙ্ঘা কিংবা টয়ট্রেনের মতো দার্জিলিং-এর ম্যালও যে আকর্ষণের একটা প্রধান কেন্দ্রবিন্দু, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সেই ম্যালকে পর্যটকদের কাছে আরও উপভোগ্য করে তোলার জন্য ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে জিটিএ এবং দার্জিলিং পুরসভা।
ভোটের পরেই দার্জিলিং-এ পর্যটকদের ভিড় উপচে পড়বে দার্জিলিং-এ। তার আগেই ম্যালের সমস্ত প্রাঙ্গণের পিচ তুলে দিয়ে কংক্রিট করে তার উপরে সিমেন্টের ব্লক লাগানো হচ্ছে। ভানু ভবনের দিকে যাওয়া রাস্তার দু’পাশে বয়ে যাওয়া নালারও সংস্কার করা হয়েছে। ম্যালের চারদিকে রাখা চেয়ারগুলোকেও সাজানো হচ্ছে নতুনভাবে। ম্যালের নতুন সাজ পর্যটকদের মন জয় করতে পারলে দার্জিলিং-এর পর্যটন ব্যবসা আরও জমবে মনে করে আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা।
