
সৌদিতে নাচের দোষে কিশোর জেলে
আমরা তো গান গাই, ‘বালা নাচ তো দেখি…’ বলে! নাচে যে এমন বিপদ কে জানত! গান শুনে রাস্তায় নেচে ফেলে বিপাকে সৌদির ১৪ বছরের কিশোর।রাস্তায় নাচ করার অপরাধে সৌদি আরবে গ্রেপ্তার করা হল এক ১৪ বছরের কিশোরকে। বন্দর সংলগ্ন এলাকা জেড্ডাতে রাস্তায় দাঁড়িয়ে এক কিশোর জনপ্রিয় একটি গান শুনে নাচতে শুরু করে দেয়। এই নাচ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ারয় ভাইরাল। মেক্কা পুলিস সূত্রে জানা গিয়েছে, কিশোরের পরিচয় গোপন রাখা হয়েছে। তবে ওই কিশোর ‘যথাযথ আচরণ’ করেনি এবং রাস্তার মাঝে নাচ করে ট্রাফিক ব্যবস্থাকে ব্যাহত করেছে। যদিও এটা এখনও স্পষ্ট নয় ওই কিশোরের বিরুদ্ধে কী ধরনের মামলা রুজু করা হবে। ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ডোরাকাটা টি–শার্ট ও ধূসর রঙের হাফপ্যান্ট পড়া কিশোর কানে হেডফোন লাগিয়ে রাস্তায় নেচে চলেছে।যার ফলে গাড়িগুলি আটকে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। সৌদি আরবের মাদক নিয়ন্ত্রণের জন্য গঠিত জাতীয় কমিটি এ ধরনের নাচকে নিষিদ্ধ করেছে। কমিটি মনে করে, এ ধরনের নাচ মাদকাসক্তদের অনুপ্রাণিত করে।
