‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’-এর মানবিক উদ্যোগ
মাত্র এক টাকায় মিলছে খাবার। না, মোটেও শহুরে ভদ্র মানুষদের উচ্ছিষ্ট নয়, বড়ো যত্নে রাঁধা সেই খাবার পৌঁছে যাচ্ছে জেলায়-জেলায়। সৌজন্যে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’। ‘এক টাকায় আহার’ প্রকল্পের মাধ্যমে গত ৩ বছর ধরে দুঃস্থ, সহায়-সম্বলহীন মানুষদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা। এভাবেই, এখনো পর্যন্ত ২৫ লক্ষ খাবার বিতরণ করেছেন এই সংস্থার স্বেচ্ছাসেবীরা।
বাংলাদেশ জুড়ে গৃহহীন, সম্বলহীন মানুষদের প্রায়ই চোখে পরে রাস্তায়। অধিকাংশেরই বাড়ি-জমি খেয়ে নিয়েছে পদ্মা। কেউ বা অন্য কারণে খুইয়েছেন সব। অর্থনৈতিকভাবে ধস নেমেও পথে বসেছে অনেকের পরিবার। এমন পরিবারের সদস্যদের মুখেই খাবার তুলে দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’। ১২ বছরের নিচে থাকা যে-কোনো শিশু, কিংবা কর্মক্ষমতাহীন, অসুস্থ বৃদ্ধদের কাছে মাত্র ১ টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছেন খাবার। খাবারের খাদ্যগুণ নিয়েও যথেষ্ট সতর্ক সংস্থার স্বেচ্ছাসেবীরা। প্রতিদিন বিপুল পরিমাণ খাবার নিয়ে নানা জায়গায় পাড়ি জমান তাঁরা। এই বিপুল কর্মকান্ডের জন্য সংস্থাকে অর্থ জোগান অসংখ্য শুভানুধ্যায়ী। ‘এক টাকায় খাবার’ ছাড়াও পথশিশুদের পড়াশোনা নিয়েও একাধিক উদ্যোগ রয়েছে এই সংস্থার।