আশা ও আশঙ্কা দুই জাগিয়েই ঘন হচ্ছে ঘূর্ণিঝড় ‘ফণী’

বুধবার থেকেই শুরু হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি, ঝোড়ো হাওয়া

ফণীর ছোবল আছড়ে পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। এই ফণী আদতে ঘূর্ণিঝড়। নামটি বাংলাদেশের দেওয়া। আপাতত বঙ্গোপসাগরের মাঝে নিজের শক্তি বাড়াচ্ছে সে। তারপর ধেয়ে আসবে ওড়িশা উপকূলের দিকে। তবে, এখনো যেহেতু ভারতের দক্ষিণ উপকূল থেকে অনেকটাই দূরে রয়েছে সে, তাই তার গতিপথ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছে না মৌসম ভবন। আর, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড় ওড়িশা থেকে পশ্চিমবঙ্গকে ছুঁয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। ফলে, ফণীর তাণ্ডবের হাত থেকে একেবারে রেহাই পাবে না রাজ্যও।

আপাতত, দক্ষিণবঙ্গের নানা জেলায় তাপপ্রবাহ চলছে। গরম আর আপেক্ষিক আদ্রতায় হাঁসফাঁস করছে মানুষ। বাঁকুড়ার তাপমাত্রা গতকাল ছিল ৪৩.৯ ডিগ্রি। ফণী’র প্রভাবে বুধ-বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উপকূল অঞ্চলে ঝড়ের গতিবেগ হতে পারে ১৭৫-১৮৫ কিলোমিটার। বিপদের আশঙ্কাও তাই ভালোই থাকছে। প্রস্তুত থাকতে বলা হচ্ছে প্রশাসনকে। ভোট বিঘ্নিত হওয়ার ভয়ও রয়েছে।

তবে, সুখবরও রয়েছে। ফণীর প্রভাবে পয়লা মে থেকেই ধাপে ধাপে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের। সুরাহা মিলবে তাপপ্রবাহের হাত থেকেও।

Developed by DXDasia