বজ্রপাতে মৃত্যু আটকাবে সাইকেলের চাকা এবং বাঁশ

কম খরচে বানানো যাবে এই বজ্রনিরোধক যন্ত্র

আমাদের দেশে কৃষক এবং মৎসজীবীরা অনেক সময়েই খোলা মাঠে কিংবা সমুদ্রে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান। তাঁদের নিরাপদে রাখতে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ ফর বয়েজ নিয়ে এল ঘরোয়া জিনিসপত্র দিয়ে তৈরি এক যন্ত্র।

এই বজ্রনিরোধক যন্ত্র বানাতে দরকার ৩০ ফুট বা তার থেকে উঁচু বাঁশ, সাইকেলের রিং, মোটা বৈদ্যুতিক তার, লবণ ও কাঠকয়লা। বাঁশের ওপরে সাইকেলের রিং যুক্ত থাকবে। সেই রিং-এ যুক্ত বৈদ্যুতিক তার চলে যাবে মাটির নিচে। বাঁশ ও তার যেখানে গাঁথা থাকবে, সেখানে মাটিতে কিছুটা লবণ আর কাঠকয়লা রাখতে হবে, যাতে বিদ্যুৎ সহজেই মাটিতে মিশে যায়। এই পদ্ধতিকে বলে আর্থিং। জায়গাটিতে যেন কোনোভাবেই জল না জমে, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। কোনো ফাঁকা জায়গায় এই ব্যবস্থা নিলে আশেপাশের মোটামুটি ৫ বিঘা জমিতে বজ্রপাতে মৃত্যু রোখা সম্ভব হবে। তবে গোটা অঞ্চলে ঐ বাঁশের থেকে উঁচু কিছু রাখা চলবে না।

বিভিন্ন ক্লাব, স্কুল ও অন্যান্য সংগঠনে ছাত্রদের সঙ্গে নিয়ে এই যন্ত্রের উপকারিতা প্রচার করছেন সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠের শিক্ষক ড. পশুপতি মণ্ডল। 

Developed by DXDasia