পিছিয়ে পড়া শিশুদের লেখা গল্প আজ পড়ে শোনাবেন সৌমিত্র, রজতাভ, রিনি

চিল্ড্রেন রাইটস অ্যান্ড ইউ-এর উদ্যোগ

দীর্ঘ চল্লিশ বছর ধরে শিশু অধিকার রক্ষায় সারা দেশব্যাপী কাজ করে চলেছে চিল্ড্রেন রাইটস অ্যান্ড ইউ বা সংক্ষেপে ক্রাই। আজ চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এক বেনজির সন্ধে উপহার দিতে চলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন।

মহানগরের রোটারি সদনে বিকেল সাড়ে ৫টা থেকে নিজের জন্মদিন পালন করবে ক্রাই। অভিনেত্রী কোয়েল মল্লিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। থাকছে কচিকাঁচাদের বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা, যার জন্য তনুশ্রী শংকর এবং তন্ময় বসু তাদের গত দু’সপ্তাহ ধরে প্রস্তুত করেছেন। তবে অনুষ্ঠানের সেরা আকর্ষণ অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, রিনি বিশ্বাসের কণ্ঠে গল্পপাঠ। গল্পগুলো অবশ্য কোনো নামি সাহিত্যিকের লেখা নয়। সামাজিকভাবে, আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা লিখেছে সেই সব গল্প। অনুভূতি, ভালোবাসা, আনন্দ, যন্ত্রণা নিজেদের মতো করে উঠে এসেছে সেইসব গল্পে। 

ক্রাই-এর অন্যতম মুখপাত্র তনুশ্রী বসাক আমাদের বললেন, “বাচ্চারাই সমাজের চারাগাছ। আমরা চাই, আরও বেশি মানুষ তাদের পাশে দাঁড়ান। মানসিকভাবে, আর্থিকভাবে – যেভাবে পারেন, তাদের সাহায্য করুন। আজকের অনুষ্ঠানেও আমরা সেই বার্তাই দিতে চাই”। 

Developed by DXDasia