
রোগীকে বাঁচাতে জওয়ানরা হাঁটলেন ৭ কিমি
এক অসুস্থ মহিলাকে বহন করে সাত কিলোমিটার রাস্তা হেঁটে এলেন সিআরপিএফ জওয়ানরা। ছত্তিশগড়ের বস্তার জেলার সুরনার এলাকায় একটি বিশেষ অভিযানে গিয়েছিল সিআরপিএফ–এর একটি দল। সেইসময় তাঁরা দেখেন, জঙ্গলের মধ্যে একটি বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এক মহিলা। মহিলার স্বামী সেই সময় পশু চরাতে গিয়েছিলেন। ওই সিআরপিএফ দলের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সিদ্ধান্ত নেন যে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাই বাঁশ দিয়ে স্ট্রেচার বানান জওয়ানরা। তারপরে মহিলাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে হাঁটতে শুরু করেন তাঁরা। ইতিমধ্যে এক জওয়ান অ্যাম্বুল্যান্স ডাকেন। যান চলাচলের রাস্তায় জওয়ানরা মহিলাকে আনার পর অ্যাম্বুল্যান্সে করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কোসি নামে ওই মহিলা বর্তমানে একটু ভাল আছেন।
