রাজ্যের ক্রিটিক্যাল কেয়ার উন্নতির পাঠ নিচ্ছে সিঙ্গাপুরে

পেপারলেস প্রযুক্তিতে জুড়ল ক্রিটিক্যাল কেয়ার এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট

রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আরও যুগোপযোগী এবং উন্নত করতে সিঙ্গাপুরের থেকে সাহায্য নিল পশ্চিমবঙ্গ সরকার। প্রথমবার রাজ্যের ৯২ জন নার্স এবং চিকিৎসক সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণ নিয়ে এলেন। তাঁদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন দুই উচ্চপদস্থ স্বাস্থ্যকর্তাও।

গ্লোবাল বিজনেস সামিট ২০১৫তে সিঙ্গাপুরের সিঙ্গ-হেলথের সঙ্গে মউ স্বাক্ষর করেছিল রাজ্যের ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা আরও উন্নত করা জন্যে। তারই অংশ হিসেবে সে দেশে গিয়েছিলেন বাংলার ডাক্তার ও নার্সরা। প্রথমে সিঙ্গ-হেলথের অন্তর্গত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞরা রাজ্যে এসে ট্রেনিং দেন এখানকার ৪০ জন চিকিৎসক এবং ১৮০ জন নার্সকে। তাঁদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে রাজ্যের সমস্ত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট থেকে তাঁরা ২০ জন ডাক্তার এবং ৭২ জন নার্সিং স্টাফকে বেছে নেন। এঁদেরকে চারটি পর্যায়ে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ১০ দিন করে ট্রেনিং দেওয়া হয়। পরিচ্ছন্নতা বজায় রাখা থেকে ভেন্টিলেটারে রোগীর পরিচর্যা – সব কিছুরই প্রশিক্ষণ হয়েছে হাতে কলমে। এই প্রশিক্ষণের ইতিবাচক প্রভাব রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। ক্রিটিক্যার কেয়ার ইউনিটগুলিতে অত্যন্ত ভালো হয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণের হার। তার সঙ্গে রাজ্যের সমস্ত ক্রিটিক্যাল কেয়ার এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট এখন জুড়েছে পেপারলেস প্রযুক্তিতে।

জানা গেছে, আরও কিছু নতুন পদ্ধতি খুব শিগগিরই চালু হতে চলেছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। এর মধ্যে আছে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার বদলে রোগীর প্রয়োজন অনুযায়ী টেস্ট করানো, ক্লিনিক্যাল এক্সামিনেশনে জোর দেওয়া, একজন রোগীর সেবায় দলগতভাবে নজর দেওয়ার মতো নানা ব্যবস্থা। 

Developed by DXDasia