
আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ইংল্যান্ড
সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা নিয়ে আজ শুরু ক্রিকেট বিশ্বকাপ। প্রথম দিনেই টক্করে নামছে সেই দু’টি দেশ, যাদের ঝুলিতে এখনও বিশ্বকাপ প্রাপ্তি ঘটেনি। দ্য ওভালে ইংল্যান্ডের ব্যাটিং বনাম দক্ষিণ আফ্রিকার বোলিং-এর হাড্ডাহাড়ি লড়াই ঘিরে আজ দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
গতকালই বাকিংহ্যাম প্যালেসের সামনে লন্ডন মলে ১২তম ক্রিকেট বিশ্বযুদ্ধের উদ্বোধন হয়ে গেল। বিশ্বকাপ ট্রফি নিয়ে মঞ্চে ঢুকলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে দেখা করলেন দশ টিমের ক্যাপ্টেন। হাজির ছিলেন প্রিন্স হ্যারি। মঞ্চে উঠে আসেন ভিভিয়ান রিচার্ডস, জাক কালিস, কেভিন পিটারসন, অ্যান্ড্রু ফ্লিন্টফের মতো তারকারা। আজ থেকে টানা দেড় মাস চলবে বিশ্বকাপের লড়াই।
