পাহাড়ে কী মুছে যাওয়ার পথে সিপিএম?

৮৪ টি আসনের ভিতর ৭১ টিতেই প্রার্থী দিতে পারছে না সিপিএম

পাহাড়ের চার পুরসভার ভোটে ৮৪ টি আসনের ভিতর ৭১ টিতেই প্রার্থী দিতে পারছে না সিপিএম। দার্জিলিং পুরসভাতে ৪টি এবং কালিম্পং পুরসভায় ৯টি আসনে প্রার্থী দিলেও কার্শিয়াং ও মিরিক পুরসভার ভোট যুদ্ধে অস্তিত্বই নেই সিপিএমের।

জেলা সিপিএম- এর সম্পাদক মণ্ডলীর সদস্য সমন পাঠক অবশ্য জানিয়েছেন, কার্শিয়াং ও মিরিকে তারা বাম ও প্রগতিশীল প্রার্থীদের সমর্থন দেবেন।পাহাড়ের পুরভোটে সিপিএম -এর এমন দুর্দশা হলেও গোর্খা লিগের মতো দল দার্জিলিং ও কালিম্পংয়ে মোট ১৬ জন প্রার্থীকে সমর্থন দেবে। কার্শিয়াং ও মিরিকে তারা সিপিএম- এর মতো কোনও প্রার্থী দেবেন না বলে স্থির করেছেন। এমনটাই জানিয়েছেন গোর্খা লিগ- এর সহ সভাপতি লক্ষণ প্রধান।

পুরভোট ঘিরে পাহাড়ের পরিবেশ ক্রমশ জমে উঠছে।একদিকে গোর্খা জনমুক্তি মোর্চা অপরদিকে তৃণমূল। কিন্তু তার মধ্যে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে  সিপিএম। দার্জিলিং ও কালিম্পং- এ নামমাত্র প্রার্থী দিয়েই চুপ রাজ্যের শাসন ক্ষমতায় ৩৪ বছর টিকে থাকা বামফ্রন্টের প্রধান শরিক সিপিএম। জেলা সিপিএম সূত্রের খবর, শিলিগুড়ির মেয়র অশোক ভট্টচার্য ৯ মে পুর ভোটের প্রচারে পাহাড়ে যাবেন।

১৮৫০ সালে তৈরি হওয়া দার্জিলিং পুরসভা আজ নানা সমস্যায় জর্জরিত। লোক সংখ্যা ১ লক্ষ ১০ হাজার।কিন্তু ভোটার সংখ্যা ৫৫ হাজার। পানীয় জল ছাড়া ভূমি ধস, যানজট ,বেআইনি নির্মাণ সেখানকার নগর জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। কিন্তু এসব সমস্যা সমাধানের জন্য কি মোর্চা কি তৃণমূল, কারও কোনও হেলদোল নেই বলে অভিযোগ তুলে প্রচারে নেমেছে সিপিএম। অন্যদিকে গোর্খা লিগ-এর প্রচারের মূল ইস্যু জিটিএ-র দুর্নীতি।

Developed by DXDasia