অস্ত্রমুক্ত করতে ভরসা এবার সাইকেল

কোচবিহার জেলা পুলিশ অস্ত্রমুক্ত করতে বেছে নিয়েছেন সাইকেলকে

লোকসভা নির্বাচনের আগে কোচবিহার জেলাকে সম্পূর্ণভাবে অস্ত্রমুক্ত করতে চায় জেলা পুলিশ। এই অভিযানে পুলিশ ভরসা করছে পরিবেশবান্ধব যান সাইকেলে। ইতিমধ্যেই সাইকেল চেপে হঠাৎ হানায় উদ্ধার হয়েছে বেশ কয়েকটি অস্ত্র। সঙ্গে কয়েকজন দুষ্কৃতিও ধরা পড়েছে। 

সাইকেল একটি পরিবেশবান্ধব যান। নিঃশব্দে কাজ করার সুযোগ অনেক বেশি। সভ্যতার বিকাশে যান হিসাবে সাইকেল বড়ো ভূমিকা পালন করে এসেছে। এই সাইকেলকে সঙ্গী করে দুষ্কৃতি দমনে উদ্যোগী হয়েছে পুলিশ। ইতিমধ্যে জেলার দিনহাটা শহরে রাত্রে এই অভিযান শুরু করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাত্রে কোচবিহার শহরের ১৬ নং ওয়ার্ডে ফাঁসির ঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। এখনও যাঁদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, সেগুলো পুলিশের কাছে জমা দেওয়ার আবেদন জানানো হয়। শান্তির পরিবেশ তৈরিতে পুলিশের এই সাইকেল অভিযান একটি অভিনব উদ্যোগ। আধুনিক সভ্যতায় অন্তবিহীন পথচলার জীবনে প্রায় ব্রাত্য যখন সাইকেল, তখন শিক্ষার প্রগতিতে সবুজ সাথী প্রকল্প এ রাজ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা। তাই কোচবিহার জেলার নাগরিকদের নিশ্চিন্ত করতে জেলা পুলিশের এমন অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

Developed by DXDasia