
নিউ টাউনে এই কনভেনশন সেন্টার প্রকল্পে কাজ করেছে হিডকো
১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল পূর্ব ভারতের বৃহত্তম কনভেনশন সেন্টারে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কনভেনশন সেন্টারটি তৈরি করা হয়েছে নিউ টাউনে। আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারটি তৈরি করেছে হিডকো।
সরকারের তরফে জানানো হয়েছে, এই কনভেনশন সেন্টারেই অনুষ্ঠিত হবে ২০১৮ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। জানুয়ারি মাসে দু’দিন ব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
কনভেনশন সেন্টারের প্রধান হলের আসন সংখ্যা ৩,০০০। আর দু’টি ছোট হলের আসন সংখ্যা ৪৩৪ করে। চারটি বড় প্রদর্শনী হল আছে, আছে একটি স্টেট ব্যাঙ্কোয়েট ও ফুড কোর্ট। এখানে খাদ্য ও পানীয়ের সুবন্দোবস্ত আছে। আছে পার্কিংয়ের সুব্যবস্থা; এখানে রাখা যায় ৬৪০টি গাড়ি ও ১৫টি বাস।
এখানে একটি ১০০ রুম বিশিষ্ট বাণিজ্যিক হোটেলও আছে ও প্রতিটি রুমে আছে ২ জনের শোয়ার ব্যবস্থা। এছাড়া আছে একটি বাণিজ্যিক কেন্দ্র, ১০টি মিটিং রুম, ৮,০০০ বর্গ ফুট বিশিষ্ট বাণিজ্যিক ক্লাব, একটি অত্যাধুনিক জিমন্যাসিয়াম, বিলিয়ার্ড ও তাস খেলার জায়গা, ছাদের ওপর সুইমিং পুল ও স্পা, দুটি স্পেশ্যালিটি রেস্টুরেন্ট, একটি কফি শপও আছে (যেটা ২৪ ঘণ্টা খোলা) ইত্যাদি।
এই কনভেনশন সেন্টারটি সম্পূর্ণ পরিবেশ-বান্ধব। এখানে আছে HVAC (heating, ventilation, and air-conditioning) ব্যবস্থা। আছে অডিও-ভিসুয়াল ব্যবস্থা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, সিসিটিভি ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা।
