ধানের উৎপাদন বাড়াতে নতুন দিশা আনছে কমিউনিটি চাষ

নতুন প্রজাতির ধান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা

রাজ্যের বিভিন্ন ব্লকে নতুন প্রজাতির উচ্চ ফলনশীল ধান চাষে অভিনব উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গে সরকারের কৃষি বিভাগ। প্রচলিত কৃষিকাজের পদ্ধতির বদলে জোর দেওয়া হচ্ছে কমিউনিটি চাষের ওপর। পরীক্ষামূলক এই পদ্ধতি ব্যবহার করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, ফলে তাঁদের কমিউনিটি চাষে আগ্রহও বাড়ছে। 

দেখা গেছে, পুরোনো বীজ ব্যবহার করলে ধানের উৎপাদন কমে যায়। এটি কৃষকদের একটি বড়ো সমস্যা। ধানের দামও ঠিকঠাক পাওয়া যায় না। অন্যদিকে ‘রাজেন্দ্র ভাগবতী, ‘ধীরেন’-এর মতো নতুন উচ্চ ফলনশীল বীজ হয় রোগ প্রতিরোধক এবং পোকা সহনশীল। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের অধীনে রাজ্য কৃষি দপ্তর প্রথম পর্যায়ে চাষিদের বিনামূল্যে বীজধান ও সার দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে থাকছে প্রশিক্ষণের ব্যবস্থাও। পরবর্তীকালে চাষিরা নিজেদের খরচেই কমিউনিটি চাষ করবেন।
 

Developed by DXDasia