বিল্ডিং থেকে টাওয়ার, গঙ্গাবক্ষেও গোলাপি আভা
বিসিসিআই-এর প্রেসিডেন্ট হওয়ার পরপরই কলকাতাকে ‘বিশেষ উপহারে’ ভরিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীকাল ইডেনে শুরু হতে চলেছে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট। খেলা হবে গোলাপি বলে। ইতিমধ্যেই এই টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে গোটা শহরে। প্রথম চার দিনের টিকিট নিঃশেষিত। আর, গোলাপি বলের এই টেস্টকে ঘিরে নতুনভাবে সেজে উঠছে কলকাতাও।
এই ম্যাচকে কেন্দ্র করে কলকাতা যেন এখন নতুন ‘পিংক সিটি’। ‘দ্য ফর্টি টু’ বা টাটা বিল্ডিং সেজে উঠেছে গোলাপি আভায়। সেখানে প্রোজেকশনের মাধ্যমে ফুটে উঠছে এই টেস্ট ম্যাচ নিয়ে বার্তা। গোলাপি আভায় সেজে উঠেছে লেকটাউনের বিগ বেন থেকে শুরু করে গঙ্গাবক্ষের স্টিমারও। এরই পাশাপাশি, শহরের দেওয়ালে রং-বেরঙের গ্রাফিত্তিও চোখ টানছে। সেই গ্রাফিত্তিতেও গোলাপি রঙেরই প্রাধান্য। একটা টেস্ট ম্যাচকে ঘিরে শেষ কবে এমন উত্তাল হয়েছে কলকাতা, তা মনে করতে পারছেন না অনেকেই। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় এফেক্ট, অন্যদিকে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট—এই দুইয়ের যুগলবন্দীতেই এখন শহরের রঙ গোলাপি।