উদ্যোগ নিয়েছে স্কুলের এনএসএস ইউনিট
তীব্র শীতে গরম কাপড়ের অভাবে যাঁরা কষ্ট পাচ্ছেন, তাঁদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল রাজ্যের একটি স্কুলের এনএসএস ইউনিট। পড়ুয়াদের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুলের পাঁচিল হয়ে উঠল ‘মানবিক দেওয়াল’।
কোচবিহার জেলার মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকী হাইস্কুলের সীমানাপ্রাচীরের একাংশে সোমবার থেকে ঝুলিয়ে রাখা হয়েছে বেশ কিছু শীতবস্ত্র। প্রয়োজন অনুযায়ী যে কেউ সেই পোশাক নিয়ে যেতে পারেন। স্কুলের এনএসএস ইউনিটের পড়ুয়ারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনা নিয়েছেন। ‘মানবিক দেওয়াল’-এর জন্য প্রথমে শিক্ষক-শিক্ষিকারাই নিজেদের উদ্বৃত্ত গরম পোশাক দেন। স্থানীয় মানুষদেরও এই পাঁচিলে জামাকাপড় ঝুলিয়ে রাখার অনুরোধে করেন স্কুলের প্রধান শিক্ষিকা চিদকনা সাহা।
প্রথম দিন ২০টি শীতবস্ত্র ঝুলিয়ে রাখা হয়েছিল পাঁচিলে। ছুটির পর দেখা যায়, সবক’টি বস্ত্রই কেউ না কেউ নিয়ে গেছেন। এতে উৎসাহিত বোধ করছেন স্কুলের সবাই। স্কুলের এনএসএস ইউনিট সারা বছরই এই ‘মানবিক দেওয়াল’-এ জামাকাপড় ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেওয়ালের ওপর শেড দেওয়ারও ভাবনাচিন্তা চলছে। জোরপাটকী হাইস্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
ছবিসূত্র – ফেসবুক