অযোধ্যা বাঁচাতে ‘সবুজদের’ অভিযান

অযোধ্যা পাহাড়কে প্লাস্টিকমুক্ত করার ডাক স্থানীয় কচিকাঁচা-পড়ুয়াদের

শালরাজার দেশ অযোধ্যা পাহাড়। ঢেউ খেলানো পাহাড়, ঘন জঙ্গল, নদী। এ যেন প্রকৃতির এক স্বর্গরাজ্য। অথচ, ইদানীং পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে মুখ ঢেকেছে অযোধ্যা। জলের বোতল, চিপসের প্যাকেট, থার্মোকলের থালা-বাটি জমে পাহাড় হচ্ছে। না বুঝে এই প্লাস্টিক বর্জ্য খেয়ে মৃত্যুর মুখেও পড়ছে নিরীহ পশুরা। সব মিলিয়ে অযোধ্যার প্রাকৃতিক ভারসাম্য ধাক্কা খাচ্ছে ভালোমতোই।

প্লাস্টিকের এবং দূষণের হাত থেকে অযোধ্যাকে রক্ষা করতেই এগিয়ে এসেছেন স্থানীয় যুবক-যুবতী ও স্কুল-কলেজ পড়ুয়ারা। ঠিক হয়েছে আগামী ২১ এপ্রিল সবাই মিলে হাত লাগাবে অযোধ্যা সাফাই অভিযানে। এই উদ্যোগে যুক্ত হবে বেশ কিছু স্কুলের কচি-কাঁচারাও। উদ্যোক্তাদের অন্যতম তরুণ মাহাতো জানালেন, অযোধ্যাকে তার নিজের অবস্থায় ফিরিয়ে দিতে না পারলে পরিবেশের মারাত্মক বিপদ। তার জন্যই এই সাফাই অভিযান। সঙ্গে থাকবে সচেতনতা শিবিরও। 

এই সাফাই অভিযানের জন্য অনুদানও সংগ্রহ করছেন উদ্যোক্তারা। ঠিক হয়েছে সংগৃহীত টাকার বাড়তি অংশ খরচ করা হবে অযোধ্যার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার কর্মসূচিতেই। আপাতত, অযোধ্যাকে প্লাস্টিক-মুক্ত করাই শপথ তরুণ ও উজ্জ্বল মাহাতোদের মতো উজ্জ্বল তরুণদের।
 

Developed by DXDasia