শিলিগুড়িতে এবার ভাল্লুক ও চিতা সাফারি

চিতা সাফারি চালু হলে তা হবে ব্যাতিক্রমী উদ্যোগ। মুক্ত অঞ্চলে চিতা বাঘ বা ক্যাট সাফারি বিশ্বের কোথাও নেই

পাখি বিতানের পর এবার শিলিগুড়িতে চালু হতে চলেছে ভাল্লুক সাফারি। চলতি বছরে পুজোর আগেই ব্ল্যাক বিয়ার দেখা যাবে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। তিনটি খাঁচা নিয়ে চালু হওয়া পাখি বিতানের উদ্বোধন করে একথা জানালেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা থেকেও এখানে পাখি এসেছে। এছাড়া আছে নানা ধরণের কাকাতুয়া। একেকটি খাঁচা চালু করতে খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা।

দার্জিলিং থেকে দুটি ব্ল্যাক বিয়ার আনা হচ্ছে সাফারিতে। তাছাড়া কর্ণাটক থেকে হাতি নিয়ে আসার পরিকল্পনাও করা হচ্ছে। হাতি অবশ্য কেবল শিলিগুড়ির বেঙ্গল সাফারিতেই থাকবে না, ডুয়ার্সের অন্যত্রও যাবে। হাতিকে বনসুরক্ষার কাজে লাগানো হবে।

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সাফারি পার্কটির উদ্বোধন করেন।এখানে এখন পর্যটকদের ভিড় বাড়ছে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিলা ও স্নেহাশিস নামের দুটো বাঘ। পাশাপাশি রয়েছে ময়ূর, হরিণ, গণ্ডার আর ঘড়িয়াল। তবে ভাল্লুক সাফারির পর লক্ষ্য চিতা বা ক্যাট সাফারি চালু করা। এক বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্য রয়েছে বন দপ্তরের। চিতা সাফারি চালু হলে তা হবে বিশ্বের অন্যতম ব্যাতিক্রমী একটি উদ্যোগ। কেননা মুক্ত অঞ্চলে চিতা বাঘ বা ক্যাট সাফারি বিশ্বের কোথাও নেই। এমনটাই জানিয়েছেন সাফারি অফিসার অরুণ মুখোপাধ্যায়।

Developed by DXDasia