
২২ বছর আগের খুনের অপরাধে গ্রেফতার চিনের লেখক
তাঁর উপন্যাসের প্রতিটি শব্দ ও বাক্যই গা ছমছমে। আর সেই উপন্যাসগুলোই লিউ ইয়ংবিয়াওকে লেখক হিসেবে খ্যাতি এনে দিয়েছিল। কিন্তু কে জানত, ২২ বছর আগে চারজনকে খুনের ঘটনায় চীনা সেই লেখককেই গ্রেফতার করবে পুলিশ! পুলিশি জেরায় সেই ভয়াবহ খুনের কথা স্বীকারও করেছেন তিনি।
১৯৯৫ সালের ২৯ নভেম্বর। চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশের একটি গেস্ট হাউসে খুন হন ৪ জন। তাদের মধ্যে ছিলেন ওই গেস্ট হাউসের মালিক দম্পতি এবং তাদের ১৩ বছরের নাতি। অন্যজন ওই রাতে গেস্ট হাউসের অতিথি ছিলেন।
এরপর পুরো ঘটনাটাই অন্ধকারে ঢেকে যায়। ক্লু খুঁজে না পাওয়ায় মামলাটি চাপা পড়ে যায়। কিন্তু, এ বছর জুন মাসে ফের ওই ফাইল নিয়ে খুনের তদন্ত নতুন করে শুরু করে ঝেজিয়াং পুলিশ। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রায় ৬০ হাজার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয় এই তদন্তে।
এবং রহস্য ঘাঁটতে ঘাঁটতে অবশেষে ৫৩ বছরের লিউয়ের কাছে পৌঁছায় পুলিশ। ওই খুনের ঘটনায় ৬৪ বছরের ওয়াং নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ জেরার পর দু’জনেই ২২ বছর আগের সেই খুনের কথা স্বীকার করেন।
