
পাঁচ কিলোমিটার দূরে থাকা শত্রুকে নিমেষে খতম করতে পারবে এটি
বিদেশের বাজারে বিক্রির জন্য তাদের প্রথম পাইলটবিহীন যুদ্ধ হেলিকপ্টার AV500W প্রকাশ্যে আনল চীন৷ এই হেলিকপ্টারটি তৈরি করেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পস অফ চায়না৷
পাইলটবিহীন যুদ্ধ এই হেলিকপ্টারটির দৈর্ঘ্য ৭.২ মিটার, ওজন ৪৫০ কিলোগ্রাম ও গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার৷ সূত্রের খবর, ১২০ কিলোগ্রাম ওজনের অস্ত্র ও মালপত্র বহনে সক্ষম এই কপ্টার৷ এর অন্যতম নির্মাণকর্তা জিয়াং তাইয়ু জানিয়েছেন, গত অগস্ট মাসে প্রথম পরীক্ষায় সফল হয়েছে এই কপ্টার৷ এমনকি যে-কোনও স্থান ও পরিবেশে ওঠা-নামা করতেও সক্ষম এটি৷ চলতি বছরের মধ্যে কপ্টারটির চূড়ান্ত পরীক্ষা শেষ করতে চায় চীন৷ ২০১৮ থেকে শুরু হবে বিদেশে বিক্রি৷
এখনও পর্যন্ত আমেরিকা ও ইজরায়েলের কাছে শুধুমাত্র রয়েছে পাইলটবিহীন যুদ্ধ হেলিকপ্টার৷ সেই তালিকায় নতুন সংযোজন চীন৷ বিশেষজ্ঞরা বলছে, আট কিলোগ্রাম ওজনের এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল বহনে সক্ষম এই হেলিকপ্টার৷ এতে রয়েছে র্যা ডার হোমিং টেকনলগি৷ পাঁচ কিলোমিটার দূরে থাকা শত্রুকে নিমেষে খতম করতে পারবে এটি৷ এছাড়া রয়েছে বোম্বার মেশিন৷
চীনা মিডিয়া সূত্রের খবর, মধ্য-প্রাচ্যের যে সমস্ত দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মূলত তাদেরকেই এই কপ্টার বিক্রি করতে চায় চীন৷
