১৩টি দেশের ১৭টি ছবি – শিশু চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ ‘সবুজদ্বীপের রাজা’

সিনে সেন্ট্রাল, ইউনিসেফ এবং তালাশের উদ্যোগে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

তিলোত্তমা কলকাতায় শুরু হতে চলেছে ফিল্ম সোসাইটি সিনে সেন্ট্রাল, ইউনিসেফ এবং তালাশের উদ্যোগে ১৯তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ইজেডসিসিতে সম্প্রতি তার উদ্বোধন হয়ে গেল। গোটা ডিসেম্বর মাস জুড়ে নন্দনে দেখানো হবে ১৩টি দেশের মোট ১৭টি ছবি। এবছর উৎসবের থিম হিসাবে নির্বাচন করা হয়েছে – শিশু নির্যাতন থেকে মুক্তি। 

নতুন প্রজন্মের অনেকেই এখন সিনেমা, থিয়েটার বা বই পড়ার চেয়ে ভিডিও গেম বা সোশ্যাল মিডিয়ায় বেশি স্বচ্ছন্দ। তাই এই ধরনের চলচ্চিত্র উৎসব আয়োজনের ফলে শিশুরা হলমুখী হবে বলে আশা করা যায়। সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রবীণদের উচিত নবীনদের উদ্বুদ্ধ করা। 

এবছর শিশু চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখানো হবে ভারত, বাংলাদেশ, বেলারুস, ক্রোয়েশিয়া, চিন, ডেনমার্ক, ফ্রান্স, ইরান, মোঙ্গোলিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস, পেরু এবং রাশিয়ার ছবি। কর্তৃপক্ষ এখনও তাদের অনুষ্ঠান সূচি তৈরি করছেন। উদ্বোধনী ছবি হিসাবে রাখা হয়েছে কিংবদন্তি পরিচালক তপন সিংহের ‘সবুজদ্বীপের রাজা’। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের অন্যতম এই সবুজদ্বীপের রাজা। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে কাকাবাবুর চরিত্রে অভিনয় করেন সমিত ভঞ্জ। এই ছবির প্রতি শিশুদের আকর্ষণ এখনও কাটেনি। তাই চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রাপ্তি হতে চলেছে এই ছবি।

Developed by DXDasia