বাংলার দুই সংস্কৃতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করবেন তিনজন শিল্পী
বাংলার নিজস্ব সংস্কৃতি আগেও বহু বহুবার পাড়ি দিয়েছে সাত সমুদ্দুর তেরো নদীর পাড়ে। এবার পুরুলিয়ার ছৌ এবং পশ্চিম মেদিনীপুরের পটশিল্প পৌঁছে যাচ্ছে সুদূর জিওনজু শহরের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ফেস্টিভ্যালে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার মাটিতে। পুরুলিয়ার দুই ছৌ শিল্পী জগন্নাথ কালিন্দী এবং বীরেন কালিন্দীর সঙ্গে পটশিল্পী সুষমা চিত্রকর যাচ্ছেন দক্ষিণ কোরিয়ায়। বাংলার এই ঐতিহ্যশালী দুই সংস্কৃতিকে বিশ্বের দরবারে উপস্থাপন করবেন এই তিনজন শিল্পী।
আজ (২৬ সেপ্টেম্বর) থেকে অনুষ্ঠান শুরু হবে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। পটশিল্পী সুষমা চিত্রকর তাঁর শিল্পকলা দেখিয়ে যেমন গান গাইবেন, তেমনই ওই উৎসবের স্টল থেকে তার এই রঙবাহারি পট বিক্রিও করবেন। অন্যদিকে দুই ছৌ শিল্পী তাঁদের ছৌ ও নাটুয়া গানের মাধ্যমে মহিষাসুরমর্দিনী পরিবেশন করবেন।