
কেন্দ্রীয় মন্ত্রিসভায় তৃতীয় রদবদলের সম্ভাবনা
কেন্দ্রীয় মন্ত্রিসভায় কি রদবদল হতে চলেছে? রাজনৈতিক মহলে এমনই খবর। এবং তা হতে পারে সম্ভবত চলতি সপ্তাহেই। নীতীশ এনডিএর নতুন পার্টনার। তাদের নেতারা হয়তো জায়গা পাবেন মন্ত্রিসভায়। জেডি (ইউ)–এর পাশাপাশি মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে এনসিপি–র। বিজেপি–র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন শারদ পাওয়ার। ২০১৯–এর প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে এই নতুন বিন্যাসকে। ফলে শারদকে মন্ত্রিসভায় দেখা যাবে কি না, জল্পনা চলছে তা নিয়েও। এবার মন্ত্রিসভায় আসতে চলেছে বেশ কয়েকটি নতুন মুখ। সুরেশ প্রভুকে সরিয়ে তাঁর জায়গায় নতুন কাউকে রেল মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।পদোন্নতি হতে চলেছে অন্তত ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেকনজরে রয়েছেন এই মন্ত্রীরা। এঁদের মধ্যে রয়েছেন নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান ও জিতেন্দ্র সিং।
মোদি মন্ত্রিসভার দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রক এখন ফাঁকা। প্রতিরক্ষা এবং পরিবেশ। এই মন্ত্রক দুটির অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষ বর্ধন। এই নিয়ে তৃতীয়বার মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন মোদি। এর আগে ২০১৪ সালের নভেম্বরে প্রথমবার রদবদল করা হয়েছিল। সেবার মনোহর পারিকরকে প্রতিরক্ষার দায়িত্ব দিয়ে মোট ২১ জন নতুন মুখ এনেছিলেন। তারপর গত বছর জুলাইয়ে দ্বিতীয়বার রদবদল করা হয়। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব থেকে স্মৃতি ইরানিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় প্রকাশ জাভরেকরকে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দপ্তর বদল নিয়ে জল্পনা চলছে। মন্ত্রিসভায় আসতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহও।
