বিবৃতি দিয়ে জানাল ইসরো
লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল চন্দ্রনাথ-২। এই মহাকাশযান চাঁদের কক্ষপথ স্পর্শ করল আজ। এক বিবৃতি মারফত ইসরো জানিয়েছে, আজ ভারতীয় সময় সকাল ৯.২ মিনিটে লুনার অরবিট ইনসার্টেশন বা এলওআই-তে চন্দ্রযান-২ ঢুকে পড়েছে।
আগামীকার দুপুরে কক্ষপথের পরবর্তী স্তর পেরোবে এই মহাকাশযান। এইভাবে চন্দ্রযান-২ একের পর এক কক্ষের স্তর পেরিয়ে চাঁদের মেরুর ঠিক ওপরে অন্তিম কক্ষপথে পৌঁছবে। তখন চাঁদের মাটি থেকে তার দূরত্ব হবে ১০০ কিলোমিটার।
চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২ সফট ল্যান্ডিং বা হাল্কাভাবে অবতরণ করবে ৭ সেপ্টেম্বর। এর যন্ত্রগুলি চাঁদের মাটি পরীক্ষা করবে, পারিপার্শ্বিক আবহাওয়া পর্যবেক্ষণ করবে, চাঁদে খনিজ পদার্থের খোঁজ চালাবে। চাঁদে হিলিয়াম-থ্রি পাওয়া যেতে পারে কিনা – সেটাও খতিয়ে দেখবে এই মহাকাশযান।