এনডিটিভিতে সিবিআই, প্রতিবাদ সাংবাদিকদের

‘কেউ যাতে আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে’

বিজেপি সরকারের কাজ কর্মে জরুরি অবস্থার স্মৃতি ফিরে আসছে কুলদীপ নায়ার, এইচ কে দুয়া, অরুণ শৌরির মনে। এনডিটিভি-র অফিসে এবং সংস্থার প্রধান সাংবাদিক প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানার প্রেক্ষিতে দিল্লি প্রেস ক্লাবে জড়ো হয়েছিলেন কয়েকশো সাংবাদিক। সেখানেই বর্ষীয়ান সাংবাদিকরা এই মন্তব্য করেন। প্রতিবাদ জানান বিশিষ্ট আইনজীবী ফলি নরিম্যান। অনেকেই মনে করছেন, বিরুদ্ধ মতকে ভয় দেখাতেই এই কাজ করা হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের সাথে ৪৮ কোটি টাকার ‘জালিয়াতি’ করেছেন প্রণয়, এই অভিযোগ তুলে সিবিআই প্রণয় রায়ের অফিস এবং দফতরে হানা দেয়। গোটা অভিযোগটিকেই ভিত্তিহীন এবং দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন প্রণয়। সেখানে উপস্থিত হয়ে কে কী বললেন একবার দেখে নেওয়া যাক।

রাজদীপ সারদেশাই- এই পরিস্থিতিতে নীরব থাকার কোনও সুযোগ নেই। আমাদের অবশ্যই ইতিহাসের সঠিক দিকে থাকা উচিত।

এইচ কে দুয়া- জরুরি অবস্থার সময় সাংবাদিকরা এক জোট হতে পারেননি। তারা হামাগুড়ি দিয়েছিল, পরের বার যখন ‘ডিফেমেশন বিল’ আনা হল, আমরা রুখে দাঁড়ালাম। সেটা একটা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছিল। বিল ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল সরকার।

কুলদীপ নায়ার- কেউ যাতে আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

অরুণ শৌরি- নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তিনি এত জন সাংবাদিক বন্ধুকে এক জোট করে দিয়েছেন।

Developed by DXDasia