
ক্যানসার আক্রান্ত হতে চলা কোষও দৃশ্যমান হবে এই চশমায়
‘ক্যানসার ভিশন গগলস’-এ ধরা পড়ছে শরীরের ভেতরের অসুখ। ‘রিয়েল টাইম ইমেজিং’-এর মাধ্যমে নানা অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে লুকোনো ক্ষতকে চিনিয়ে দিচ্ছে এই ম্যাজিক চশমা। এর ফলে কঠিন অপারেশনও হয়ে উঠছে সহজ। বাইপাস, ব্রেন, গ্যাসট্রো সার্জারির মতো দুরূহ অপারেশনে খুবই সাহায্যকারী হয়ে উঠছে এই চশমা। আর, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের যে গবেষকরা এই চশমা তৈরির কারিগর, তাঁদের মধ্যে অন্যতম একজন বঙ্গসন্তানও। বেহালার বাসিন্দা খড়্গপুর আইআইটির প্রাক্তনী সুমনবিকাশ মণ্ডল এই যুগান্তকারী আবিষ্কারের অন্যতম মুখ।
এই চশমা পরা অবস্থায় কোনো রোগীকে ইনজেকশনের মাধ্যমে আইএসজি ডাই দিলে ত্বকের নিচে ৫ মিমি পর্যন্ত অংশ দৃশ্যমান হয়ে উঠবে। এর ফলে ক্যানসারের ক্ষত তো দেখা যাবেই, পাশাপাশি আশপাশের অন্যান্য কোন কোন কোষ অচিরেই ক্যানসারে আক্রান্ত হতে চলেছে, তাও বোঝা যাবে। এর জন্য এই গবেষকরা আবিষ্কার করেছেন 'এলএস৩০১' নামের একটি ডাই।
ক্যানসার ছাড়াও বাইপাস ও অন্যান্য একাধিক অপারেশনে খুবই কার্যকরী হয়ে উঠতে পারে এই চশমা। চশমা পরলে ফ্লুরোসেন্ট আলোয় উজ্জ্বল হয়ে ওঠে ক্ষতস্থান। এর ফলে অপারেশন আরো নিখুঁত হয়। বঙ্গসন্তানের হাত ধরে আরো একটি নতুন প্রযুক্তি আসছে চিকিৎসাজগতে। ইতিমধ্যেই এই ‘ক্যানসার ভিশন গগলস’ নিয়ে উচ্ছ্বসিত এসএসকেএম হাসপাতালের কার্ডিওথোরাসিক বিভাগের চিকিৎসকরা। এখন অপেক্ষা এই প্রযুক্তি হাসপাতালে সুলভ হয়ে ওঠার।
