সর্বসাধারণের জন্য খোলা থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি

পরিচয়পত্র নিয়ে গেলেই নিখরচায় পাওয়া যাবে বই

সাধারণ মানুষ যাতে বিনামূল্যে হাতের কাছে বই পেতে পারেন, তার জন্য নিজেদের গ্রন্থাগার কিছুদিনের মধ্যেই সবার জন্য খুলে দিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজ স্ট্রিট ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার তো বটেই, আরো আটটি ক্যাম্পাসের লাইব্রেরিতেও সাধারণ লোকেরা গিয়ে বই পড়তে পারবেন। দেশের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ই প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এরকম উদ্যোগ নিল।

যে কোনো মানুষই পরিচয়পত্র নিয়ে গেলে এবার থেকে নিখরচায় বই পাবেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। গৃহবধূ থেকে গবেষক – সবার প্রয়োজন এবং পছন্দমতো বই থাকছে লাইব্রেরিগুলোতে। রাখা হবে গল্প, উপন্যাস, পত্রপত্রিকার পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও। রিডিং রুম তো বটেই, ডিজিটাল লাইব্রেরির পরিষেবাও সবার জন্য উন্মুক্ত থাকবে। জানা গেছে, এমনভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে, যাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়। 

Developed by DXDasia