ছুটির দিনে শহরের নতুন গন্তব্য ‘কলকাতা বিশ্ববিদ্যালয়’

দেশের ঐতিহ্যমণ্ডিত এই বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে রয়েছে ইতিহাসের প্রচুর নিদর্শন

দেখেছেন আকাশে কেমন গুচ্ছ গুচ্ছ তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে? কখনও আবার কালো মেঘ—বৃষ্টি। ইহাকে বলে শরৎ কাল। এই ঋতু নিয়ম করে মনে ফিরিয়ে আনে চেনা উৎসবের মেজাজ, ছুটির গন্ধ। দূরে কোথাও দূরে দূরে মন যেতে চাইলেও করোনা আবহে অনেকেরই পায়ে বেড়ি। তাতে কী? আমাদের শহর, এই কলকাতাই তো রয়েছে। বিড়লা প্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া, ন্যাশনাল মিউজিয়ামের পাশাপাশি ইতিহাসের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চাইলে এ বার ঢুঁ মারতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়েও। কারণ দেশের প্রথম ও ঐতিহ্যমণ্ডিত এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের প্রচুর নিদর্শন।

রাজা-মহারাজাদের থেকে উপহার পাওয়া দুর্মূল্য সব ‘অ্যান্টিক’ আসবাব মেরামত করা হয়েছে। সে সবও দেখার সুযোগ পাবেন জনতা। প্রথম আচার্য চার্লস জন আর্ল অফ ক্যানিং থেকে প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী পর্যন্ত সকলের ছবি টাঙানো রয়েছে। ১৮৫৭ সালের ২৪ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হয়েছিলেন জেমস উইলিয়াম কভিল। প্রাক্তন উপাচার্যদের ছবি রাখা রয়েছে যাতে ছবিতে এবং লেখায় প্রশাসনের ইতিহাসও তুলে ধরা যায়।আছে ১৯৩৭ সালে তৈরি প্রাচীন আশুতোষ মিউজিয়াম। যেখানে সংগ্রহ করা আছে মানবসভ্যতার প্রাচীন থেকে প্রাচীনতম নিদর্শন। ভারতীয় উপমহাদেশের অতীত সন্ধানে এই মিউজিয়ামের সংগ্রহ দেশের গবেষণা, পঠনপাঠনে আগাগোড়াই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। দু’তল বিশিষ্ট এই সংগ্রহশালায় চন্দ্রকেতুগড়, বানগড়, নানুর, সুন্দরবন-সহ ভারতের নানা ঐতিহাসিক স্থান থেকে সংগ্রহ করা মূর্তি, ধ্বংসাবশেষ, প্রাচীন মৃৎ সরঞ্জাম, তোরণ, মুদ্রা, শিল্পকর্ম, পুঁথি, পোশাক-আশাক, লোকসঙ্গীত ও প্রাচীন বাদ্যযন্ত্র তিলে তিলে সংগ্রহ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। আশুতোষ মিউজিয়াম ধীরে ধীরে প্রাচীন ভারতের সমৃদ্ধি ও কীর্তির আঁতুড়ঘর হয়ে উঠেছে। এর সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যে বিপুল সংগ্রহ রয়েছে, তারও সুবিধা পাবেন আগ্রহীরা। চাইলে গ্রন্থাগারে বসে পড়াশোনা করতেও পারবেন। ঐতিহ্যমণ্ডিত সেনেট, সিন্ডিকেট ঘরগুলিকেও সুসজ্জিত করা হয়েছে। সংস্কার হয়েছে দ্বারভাঙা ভবনের। সেনেট, সিন্ডিকেটের ঘরগুলিতে রয়েছে যামিনী রায়ের মতো বিখ্যাত শিল্পীর আঁকা ছবি। তা ছাড়া সংস্কার করা হয়েছে রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্তদের পোর্ট্রেটগুলি। সংস্কারের যাবতীয় কাজ শেষ হলে শুরু হবে ছুটির দিনে ক্যাম্পাসে হেরিটেজ ট্যুর, এমনটাই জানিয়েছেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

 

Developed by DXDasia