সৌরভের হস্তক্ষেপে মিলল স্টল
ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট নিয়ে এমনিতেই উন্মাদনা তুঙ্গে শহরে। ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ বলে কথা। এই টেস্ট আয়োজনের পাশাপাশি প্রায় নিঃশব্দেই আরো একটি মানবিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেল সিএবির নাম। এই টেস্টে ‘আনন্দঘর’ নামে একটি সংস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে ইডেন গ্যালারির নিচে ক্যাফেটেরিয়া চালানোর অনুমতি দিয়েছে সিএবি। গত কয়েক বছর ধরেই দক্ষিণ কলকাতায় যোধপুর পার্কে এইচআইভি আক্রান্তদের নিয়ে একটি ক্যাফেটেরিয়া চালায় এই সংস্থাটি। ইডেনের সেই ক্যাফেটেরিয়ার স্টলে মিলবে চা, কফি, স্যান্ডুইচ ও প্যাটিস। স্টল সামলাবে সংস্থার ১৮ বছর বয়সী ছেলেরাই।
এইচআইভি আক্রান্তদের পাশে দাঁড়াতে সিএবি-র এই মানবিক উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। প্রথমে ঐ স্টলের স্বত্ব কিনে নিয়েছিল অন্য একটি সংস্থা। তারপর, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপে ওই স্টলের দায়িত্ব পায় ‘আনন্দঘর’। এইচআইভি আক্রান্তদের নিয়ে নরেন্দ্রপুরে একটি হোমও চালায় এই সংস্থা। টেস্টের শুরুতে ওই হোমের অনুর্দ্ধ- ১৬ বিভাগের আবাসিকদের হাত ধরেই মাঠে ঢুকবেন ভারত ও বাংলাদেশ দুই দলের ক্রিকেটাররা।