
টিকিট কাটা যাবে ‘পথদিশা’ থেকেও
এবার ঘরে বসেই পাওয়া যাবে স্বল্প দূরত্বের বাসের টিকিট। স্মার্ট গণ-পরিবহন ব্যবস্থা চালু করার লক্ষ্যে এই নয়া পরিষেবা আনছে পশ্চিমবঙ্গে পরিবহন নিগম। ইতিমধ্যেই বাসের গতিবিধির সুলুক সন্ধান দিতে চালু হয়েছে পথদিশা অ্যাপ। তারই পরের ধাপ হিসেবে কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শহর ও শহরতলির বাসের জন্য ‘মোবাইল টিকেটিং সিস্টেম’ ব্যবস্থার সূচনা হবে।
জানা গেছে, ‘মোবাইল টিকেটিং সিস্টেম’ ব্যবহার করে বাসের টিকিট কাটতে হলে প্রথমে নির্দিষ্ট অ্যাপ খুলে বেছে নিতে হবে যাত্রীর গন্তব্য। তারপর বাসের রুট ঠিক করে নিলেই কাটা যাবে টিকিট। নেট ব্যাঙ্কিং সহ একাধিক পেমেন্ট গেটওয়ে থাকবে টিকিট কাটার জন্য। অনলাইনে ভাড়া মেটালে টিকিট কনফার্ম হওয়ার একটি বার্তা পাবেন যাত্রী। তারপর টিকিট অ্যাক্টিভেট করতে অ্যাপে ক্যুইক রেসপন্স কোড তৈরি হবে, যার বৈধতা থাকবে এক ঘণ্টা। এক ঘণ্টার মধ্যে যাত্রীকে বাসে উঠে কন্ডাকটারের কাছে থাকা মেশিনে কিউআর কোডটি স্ক্যান করালেই অ্যাক্টিভেট হয়ে যাবে টিকিট। অনলাইনে কাটা ওই টিকিট ২৪ ঘণ্টা বৈধ থাকবে।
‘পথদিশা’ অ্যাপ থেকেও যাতে অনলাইনে স্বল্প দূরত্বের বাসের টিকিট কাটা যায়, তারও ব্যবস্থা করছে পরিবহন নিগম। প্রথমে চার-পাঁচটি রুটের বাসে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকবে। পরে এসি বাস এবং ধীরে ধীরে অন্য সব বাসের টিকিটও কাটা যাবে অ্যাপের মাধ্যমে।
