ছোটোদের জন্য বুদ্ধদেব গুহ’র প্রথম বই- ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’
টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পাচ্ছেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই সম্মান জানানো হবে চলতি মাসেই। বুদ্ধদেব গুহ’র দীর্ঘ ৮৩ বছরের জীবনে কোনোদিন পাননি সরকারি স্বীকৃতি। তবে তাঁর বইয়ের পাঠক সংখ্যা আকাশ ছোঁয়া। তাঁর গল্প-উপন্যাসের যে মেজাজ, তা অনায়াসেই রিলেট করতে পারেন বছর পঁচিশের তরুণ-তরুণী। প্রসঙ্গত, তাঁর পাঠককূলের গড় বয়স কিন্তু বাইশ-ত্রিশ বছর।
বুদ্ধদেব গুহ মূলত প্রকৃতি বিষয়ক লেখার জন্য ঘরে ঘরে সমাদৃত হয়েছেন। বহু অভিজ্ঞতাময় জীবন তাঁর। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড ও পূর্বআফ্রিকা ঘুরে বেরিয়েছেন একসময়। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি এমনকি জঙ্গলের মানুষের সঙ্গেও তাঁর সুদীর্ঘকালের নিবিড় পরিচয়। ‘জঙ্গলমহল’ তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর বহু বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ এখনও বেস্টসেলারের তালিকায় থাকে। ছোটোদের জন্য বুদ্ধদেব গুহ’র প্রথম বই- ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’। ঋজুদা তাঁর সৃষ্ট একটি জনপ্রিয় অভিযাত্রিক গোয়েন্দা চরিত্র। লেখক আনন্দ পুরস্কার পেয়েছেন ১৯৭৭ সালে। বলাই বাহুল্য, এই ডি লিট সম্মানের প্রস্তাবে বুদ্ধদেব গুহ-সহ খুশি হয়েছেন দুই বাংলা জুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত পাঠকের দল।