এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি
মানুষের ছোটো ছোটো স্বপ্নকে রাষ্ট্রব্যবস্থা কীভাবে সন্দেহ করে, কীভাবে রাষ্ট্রশক্তি সর্বদা ষড়যন্ত্রের ভয়ে মুহ্যমান থাকে তা বুদ্ধদেব দাশগুপ্ত ফুটিয়ে তুলেছেন ‘উড়োজাহাজ’ ছবিতে। ইতিমধ্যেই মুম্বাই এবং কেরালার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। মাদ্রিদ, নিউ ইয়র্ক, লন্ডনের চলচ্চিত্র উৎসবেও এই সিনেমা দর্শকের মন জিতে নিয়েছে।
এবার সেই ‘উড়োজাহাজ’ আসছে কলকাতায়। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মায়েস্ত্রো সেগমেন্টে ছবিটি দেখানো হবে। মহানগরে সেটাই হবে এই ছবির প্রথম প্রদর্শন। ‘উড়োজাহাজ’-এর গল্প লিখেছেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত নিজেই। মুখ্য চরিত্রে আছেন চন্দন রায় সান্যাল। ‘টোপ’ ছবিতে ইতিমধ্যেই তাঁর শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
চন্দন ছাড়াও এই ছবিতে পার্নো মিত্র অভিনয় করেছেন। এছাড়া, ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল ভাঙা অকেজো এক বিমান, যাকে ঘিরেই গড়ে উঠেছে কিছু স্বপ্ন, কিছু ফ্যান্টাসি। ঐ ফ্যান্টাসির স্বাদ পেতেই অপেক্ষায় রয়েছে শহরবাসী।