আলোয় আসুক রাজ্যের বৌদ্ধ নিদর্শনগুলি

‘রাজ্যের বৌদ্ধ পর্যটনের কেন্দ্র জিসেবে কলকাতায় প্রতি বছর পর্যটন উৎসব হোক।’

কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে স্বয়ং বুদ্ধদেবের দাঁত। যদিও তা খুব কম মানুষই জানেন। অথচ ঠিকভাবে প্রচারিত হলে আরও বেশি পর্যটক টানা সম্ভব হবে পশ্চিমবঙ্গে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আকর্ষণ বাড়বে কলকাতারও। বুদ্ধদেবের স্মারক সংরক্ষিত আছে বা প্রাচীন যুগের বৌদ্ধধর্মের নিদর্শন পাওয়া গেছে এমন সব জায়গা নিয়ে ‘হেরিটেজ পর্যটন’ তৈরির প্রস্তাব এল ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ আয়োজিত একটি সভায়। সভাটির যৌথ আয়োজক ছিল ভারতের বিদেশ মন্ত্রক।

ভারতীয় মহাবোধি সোসাইটির সাধারণ সম্পাদক ভান্তে সেভালি থেরো ওই সভায় বলেন, ‘কলকাতায় বুদ্ধের স্মারক আছে জানতে পারলে বৌদ্ধ ধর্মাবলম্বী বহু মানুষ শুধু এর জন্যই এখানে ভিড় করবেন।’ পাশাপাশি এও বলেছেন তিনি, পশ্চিমবঙ্গের যে-যে এলাকায় বৌদ্ধ নিদর্শন পাওয়া গেছে, সেই জায়গাগুলিকেও সংরক্ষিত করে প্রচার করা হোক পর্যটকদের জন্য।

এশিয়াটিক সোসাইটির কিউরেটর কেকা বন্দ্যোপাধ্যায় অধিকারীর মতে, সামগ্রিক পরিকাঠামো উন্নত না করলে পর্যটনের পরিকল্পনা বাস্তবায়িত করা সত্যিই মুশকিল। থাকার ব্যবস্থা, গাইড ইত্যাদি অনুষঙ্গগুলিকেও প্রস্তুত করতে হবে যথাসাধ্য। সভার আহ্বায়ক রাজ বসু বলেন, ‘রাজ্যের বৌদ্ধ পর্যটনের কেন্দ্র জিসেবে কলকাতায় প্রতি বছর পর্যটন উৎসব হোক।’

Developed by DXDasia