
শোভাযাত্রা বের করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে
বুদ্ধজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটির খবরে খুশির হাওয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে। শিলিগুড়ির হায়দারপাড়ায় জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যান আশ্রমের সাধারণ সম্পাদক তথা শিল্পী রাজু বড়ুয়া জানালেন, বুদ্ধজয়ন্তীতে ছুটির দাবি সরকার মেনে নেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন তাঁরা। এবারে বিশ্ব শান্তির প্রয়াসে শোভাযাত্রা বের করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে।
বৈশাখী পূর্ণিমাতেই বুদ্ধের জন্ম, সিদ্ধি ও পরিনির্বাণলাভ। প্রতি বছরেই এই দিনে বৌদ্ধরা মেতে ওঠেন উৎসবে। সরকারি ছুটির ঘোষণায় এ-বছর তাদের উৎসাহ বৃদ্ধি পেয়েছে আরও। রাজু বড়ুয়ার তৈরি গান অনুশীলনের মাধ্যমে এখন প্রস্তুতি চলছে উৎসবের। আশ্রমের সদস্য মণীন্দ্র বংশভিক্ষু বলেন, চারদিকে অশান্তি চলতে থাকায় ভগবান বুদ্ধের পঞ্চশীল নীতি ছাড়া সুস্থ রুচি ও ইতিবাচক পরিবেশ তৈরির উপায় নেই আজ আর।
