ব্রকোলি চাষে নজির গড়ছে বাগনান

বাড়ছে লাভজনক ব্রকোলি চাষের আগ্রহ

রক্তকে পরিশুদ্ধ রাখার ঘরোয়া উপায়গুলোর মধ্যে ব্রকোলির চাহিদা ক্রমশই বাড়ছে। সবুজ ফুলকপি নামে পরিচিত এই ফসলটি কাজে লাগে ক্যানসার প্রতিরোধেও। ব্রকোলির ভেতর রয়েছে প্রচুর ডিটক্স এজেন্ট যা রক্ত থেকে ময়লা বের করে দিতে যথেষ্ট সাহায্য করে। এই সব্জিতে সালফোরাফেন থাকায় কোলন, প্রস্টেট ও ব্রেস্ট ক্যান্সারের কোষ ধ্বংসে এটি বিশেষ সক্ষম। একটা সময়ে বাজারে এই ফসলের চাহিদা কম থাকায় চাষিরা ব্রকোলি চাষে খুব একটা আগ্রহী হতেন না। এখন অবশ্য দিন পাল্টেছে। প্রচুর মানুষ আকৃষ্ট হচ্ছেন প্রচুর খাদ্যগুণ সম্পন্ন এই সব্জিটির প্রতি। পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে ব্রকোলির চাষকে গুরুত্ব দিচ্ছেন কৃষকরা। এরই মধ্যে, হাওড়া জেলার বাগনানে অসীম পাল নামের এক চাষি ব্রকোলি চাষে দেখাচ্ছেন নয়া দিশা। 

বাড় ভগবতীপুরের কৃষক অসীম পালের বরাবরই চাষবাস নিয়ে পরীক্ষানিরীক্ষায় আগ্রহ। একদিন তিনি বাজারে গিয়ে ফুলকপির মতো দেখতে সবুজ রং-এর নতুন ফসলের খোঁজ পান। সেটা কিনে তিনি ওই ফসলের চাষ সম্পর্কে জানতে চান স্থানীয় কৃষকদের থেকে। স্থানীয় মানুষদের ওই সব্জির বিষয়ে কোনো কিছু জানাতে না পারায় অসীমবাবু দেখা করেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের সঙ্গে। বাগনান-১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ চন্দ্রনাথ বসুর পরামর্শে রাজ্য সরকারের কৃষি দপ্তরে যোগাযোগ করেন তিনি। তারপর সেখান থেকে ব্রকোলি সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে তার চাষ শুরু করেন। দোঁয়াশ মাটিতে অল্প জলে চাষ হওয়ায় শীতকালে ব্রকোলি চাষ করলে আলাদা কোনো জলের খরচ নেই। আধ বিঘে জমিতে এই সবজির পাঁচ-ছশো চারা বসানো যায়। অসীম পালের দেখাদেখি আশেপাশের চাষিরাও মাঠে ফলাতে শুরু করেন এই সবজি। চাহিদা প্রচুর থাকায় এখন ব্রকোলির চাষ করে বেশ কিছু টাকা ঘরে আসছে তাদের। 

Developed by DXDasia