দিনযাপনে বাছাই করা খবর
দৃষ্টিহীনদের জন্য ব্রেইল গ্রাফিটি লিখলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
গ্রাফিটি শিল্পের জনপ্রিয়তা এখন সারা বিশ্বে। কিন্তু, দৃষ্টিহীনতা এই শিল্পের রস গ্রহণে বঞ্চিত থাকেন। তাই, ব্রেইল পদ্ধতি ব্যবহার করে আজকাল বিভিন্ন গ্রাফিটি লেখা হচ্ছে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেও ব্রেইল গ্রাফিটি লেখা হল। এরকম উদ্যোগ গোটা পশ্চিমবঙ্গে প্রথম তো বটেই, সম্ভবত, সারা ভারতেও আগে কেউ এরকম গ্রাফিটি করেনি। সেই বেনজির কাজটি করে দেখিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষে পাঠরত ৬ জন পড়ুয়া। ‘লিটারেচার অ্যান্ড মার্জিনালিটি’ কোর্সের মডিউল ‘ডিসএবিলিটি অ্যান্ড লিটারেচার’-এর প্রেজেন্টেশন করতে গিয়েই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। অধ্যাপক ঈশান চক্রবর্তী উৎসাহে এই ৬ পড়ুয়া মিলে তৈরি করেন ‘গ্রাফিটি জয়েন্ট’ নামের এক বিশেষ দল। যাদবপুরের ইউজিসি আর্টস বিল্ডিং-এর দেওয়ালে তাঁরা ব্রেইল পদ্ধতি ব্যবহার করে লেখেন ‘সাবঅল্টার্ন’। ভবিষ্যতে এরকম গ্রাফিটি আরও করতে চান তাঁরা। (ছবিসূত্র-ঈশান চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল)

মেয়েদের নিরাপত্তা আরও জোরদার করতে গাড়ির চালক-কন্ডাকটারদের প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ
যদিও ভারতের অন্যান্য বড়ো শহরের তুলনায় কলকাতায় মহিলারা অনেক বেশি নিরাপদ, তবুও এই মহানগরে চলন্ত গাড়িতে মেয়েদের শ্লীলতাহানির খবর যে একেবারেই আসে না, তা নয়। এবার চলন্ত গাড়িতে মেয়ের সুরক্ষা আরও বাড়াতে অভিনব পদক্ষেপ নিল লালবাজার। বাসের চালক ও কন্ডাকটার, অটো, ট্যাক্সি, অ্যাপ ক্যাব চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ। কেন্দ্রীয় সরকারের নির্ভয়া প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রাফিক আইনের পাঠ দেওয়ার মতোই ড্রাইভার-কন্ডাকটারদের শেখানো হবে, মহিলা যাত্রীদের প্রতি কী ধরনের আচরণ করা উচিত, মহিলাদের ওপর কোনো সহযাত্রী অভব্য আচরণ করলে কী ব্যবস্থা নিতে হবে ইত্যাদি। পাশাপাশি, শহরের রাস্তায় আরও কয়েক হাজার সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, রাতে যে সব জায়গায় মহিলারা যানবাহনের জন্য অপেক্ষা করেন, সেখানে বাড়ানো হবে নিরাপত্তা। (ছবি সৌজন্যে কলকাতা পুলিশ)

রাজ্য সরকারের উদ্যোগে বেশি জমি পাবে ছোটো শিল্পগুলিও
রাজ্য সরকারের নজরে এবার ছোটো ও মাঝারি শিল্প। এই কুটিরশিল্পগুলি থেকেই বড়ো মাপের কর্মসংস্থাপনের রাস্তা খোলে। জমি নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য উদ্যোগী হয়েছে সংশ্লিষ্ট শিল্প দপ্তর। এ পর্যন্ত রাজ্যের মোট ১৮টি মহকুমায় ছোটো শিল্পের এস্টেট আছে। এবার মহকুমা ধরে ধরে ছোটো শিল্পের জন্য জমি বরাদ্দ করা হবে। তার জন্য আরও ৩৮টি মহকুমায় ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের জমি চিহ্নিত করতে চায় শিল্প দপ্তর। ইতিমধ্যে জমি চিহ্নিত করার জন্য ২১টি জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়েছিল রাজ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। তাতে সন্ধান মিলেছে ১০০ একর জমির। সেই কাজে গতি আনতে উদ্যোগ নিয়েছেন জেলাশাসকরাও।

বাংলা টেলিভিশনে এই প্রথমবার অবনীন্দ্রনাথের ‘ক্ষীরের পুতুল’, থাকবে থ্রি-ডি অ্যানিমেশন
সাহিত্য নির্ভর ধারাবাহিক রমরমিয়ে চলছে বাংলা টেলিভিশনে। বঙ্কিমচন্দ্র থেকে বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে সুচিত্রা ভট্টাচার্য – তালিকা বাড়ছে ক্রমশ। বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্ররা ঢুকে পড়ছে বাড়ির বসার ঘর থেকে হেঁশেলে। বাংলা টেলিভিশনে এবার আসছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই প্রথমবার তাঁর ‘ক্ষীরের পুতুল’কে অবলম্বন করে একটি জনপ্রিয় বেসরকারি চ্যানেলে আসছে ধারাবাহিক। ১৮৯৬ সালে প্রকাশিত হয় এই উপন্যাস। দীপনগরের রাজা, তাঁর দুই রানী, ৭টা প্রাসাদ, ৭০০ দাসী, ৭ দেশের বাছাই করা গয়না, ৭টা বাগান সঙ্গে জন্তু-জানোয়াররা তো আছেই। উল্লেখ্য, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে নির্মাণ করা হবে বাঁদর এবং মা ষষ্ঠীর বাহনদের।