
রোহতকের ইউনিভার্সিটি অব পারফরমিং ভিস্যুয়াল আর্টস-এর উপাচার্য হিসাবে বদলি
একমাস আগেই গোটা দেশ তোলপাড় হয়েছে বর্ণিকাকাণ্ড নিয়ে। রাতের চণ্ডীগড়ে আইএএস আধিকারিকের মেয়ে বর্ণিকাকে পিছু ধাওয়া করে হরিয়ানা বিজেপি প্রধান সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা। তার বিরুদ্ধে বর্ণিকা পুলিশে অভিযোগ জানাতেই দেশজুড়ে বিজেপি নেতার এই ছেলের বিরুদ্ধে সরব হন অনেকে।
সেই ঘটনার পর চাপের মুখে পড়ে বিকাশ বারালাকে গ্রেফতার করে পুলিশ। বিকাশের গ্রেফতারির একমাসের মধ্যেই বর্ণিকার বাবা আইএসএস ভিএস কুণ্ডুকে বদলি করা হল। তাঁকে রোহতকের ইউনিভার্সিটি অব পারফরমিং ভিস্যুয়াল আর্টস-এর উপাচার্য হিসাবে বদলি করা হয়। এর আগে তিনি রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মুখ্যসচিব হিসাবে নিযুক্ত ছিলেন।
এই ঘটনার প্রেক্ষিতে ভিএস কুণ্ডু জানান, 'বদলি নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমার দক্ষতা অনুযায়ী সরকার যেখানে মনে করবে সেখানেই আমাকে যেতে হবে। বদলি আটকাবারও আমি কোনও চেষ্টা করি না।' উল্লেখ্য, বদলির নির্দেশিকায় যদিও কোনও কারণ বলা হয়নি।
