বিয়েতে পাত্র যৌতুক পেল লাখ টাকার বই

রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের সঙ্গে হ্যারি পটারের বইও রয়েছে

বিয়েতে পণ নেবেন না বলে সাফ জানিয়েছিলেন পাত্র। শ্বশুর-শ্বাশুড়ি তারপর নতুন জামাইকে যে চমক দিলেন, তাতে চোখ ছানাবড়া সমস্ত গ্রামবাসীর। বিয়েতে আদরের জামাইকে পাত্রীপক্ষ থেকে উপহার দেওয়া হল লাখখানেক টাকার নানান স্বাদের বই।

পাত্র বছর তিরিশের সূর্যকান্ত বারিক পেশায় শিক্ষক। আর পাত্রী প্রিয়াঙ্কা বেজ স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। দু’জনেই বই পড়তে ভীষণ ভালোবাসেন। মেয়ে জামাইকে খুশি রাখতে পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা প্রিয়াঙ্কার বাবা অসিত বেজ নিজে কলেজ স্ট্রিটের এসে নানান স্বাদের প্রচুর বই পছন্দ করে কিনেছেন। সঙ্গে ছিলেন পাত্রীর মামা। বইগুলোর মধ্যে যেমন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী থেকে রামকৃষ্ণ মঠ-মিশনের বিভিন্ন প্রকাশনা, তেমনই আছে হ্যারি পটারের বইও। ইন্টারনেটের যুগে মানুষের বই পড়ার আগ্রহ আরও বাড়ুক, সেটাই চান পাত্রির বাড়ির লোকজন। 

Developed by DXDasia