
বালিগঞ্জে অভিনব বইমেলায় কেজি দরে কিনতে পারেন পুরোনো সব বই…
মনে করুন, আপনার হাতে একটা ফাঁকা বাক্স রয়েছে, আর আপনার সামনে গোটা হল জুড়ে শুধু বই আর বই। আপনি যত ইচ্ছে বই ঢোকাতে পারবেন সেই বাক্সে, যতক্ষণ না বাক্স পুরোপুরি ভর্তি হচ্ছে। তারপর বইভরা বাক্স নিয়ে আপনি চলে এলেন বাড়ি। লাইব্রেরির মতো আবার ফেরত দিতে হবে না আর, বইগুলো পুরোপুরি আপনার হয়ে গেল। না, এটা কোনো রূপকথার গল্প নয়। খোদ কলকাতার বুকে শুরু হয়েছে ‘লক দ্য বক্স’ নামের এক অভিনব বইমেলা, যেখান থেকে এভাবেই বই সংগ্রহ করার সুযোগ থাকছে বইপ্রেমীদের। আয়োজনে ‘বুকচোর’ নামের এক অনলাইন বই বিক্রেতা সংস্থা।
এই ১৫ থেকে ১৮ নভেম্বর বালিগঞ্জের আইস স্কেটিং রিঙ্কে ৯০,০০০ টি পুরোনো বই পাওয়া যাবে কেজি দরে। ‘বুকচোর’ সূত্রে জানানো হয়েছে, এককালীন টাকা দিয়ে বাক্স কিনে সেই বাক্স ভরে বই নিয়ে ফিরে যেতে পারবেন বইপ্রেমীরা। ক্রেতাদের জন্য রাখা আছে তিন রকম আলাদা আলাদা সাইজের বাক্স। সবথেকে সস্তা বাক্সের নাম ‘ওডেসাস বক্স’। ৯৯৯ টাকা দামের এই বাক্সে সাধারণ মাপের ৮-১০টি এঁটে যাবে। ১৪৯৯ টাকার ‘পারসেস বক্স’-এ ভরা যাবে মোটামুটি ১৫-১৭টি বই। আর ২৪৯৯ টাকার বাক্সটির নাম ‘হারকিউলিস বক্স’। এখানে কমবেশি ২৮ থেকে ৩০টি বই বাক্সবন্দি করতে পারবেন ক্রেতারা। বইপাগলরা এই ধরনের অফার পেয়ে স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত। সংস্কৃতির শহরে এই অভিনব উদ্যোগকে বিভিন্ন মহল থেকে স্বাগত জানানো হয়েছে।
২০১৫ সালে গুরগাঁওতে মাত্র ২০০টি বই নিয়ে বিদ্যুৎ শর্মা, অলোক শর্মা এবং প্রতীক শর্মা মিলে শুরু করেছিলেন অনলাইনে পুরোনো বই বিক্রেতা সংস্থা ‘বাই মি বুক’, যার নাম পালটে এখন হয়েছে ‘বুকচোর’। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন থেকেও বই সংগ্রহ করে এই সংস্থাটি। পুরোনো বই বিক্রি করলেও বইয়ের গুণমানের ক্ষেত্রে কোনো আপস করে না ‘বুকচোর’। তাই ক্রমশ বইপোকাদের জগতে এই সংস্থার কদর বাড়ছে।
ছবি সূত্র – দ্য হিন্দু
