
আপাতত হলুদ ও নীল-সাদা মিলিয়ে ৩০০ ট্যাক্সি আছে এই অ্যাপের আওতায়
কলকাতার ট্র্যাডিশনাল হলুদ ট্যাক্সি কিংবা হালফিলের নীল-সাদা ট্যাক্সি এবার বুক করা যাবে অনলাইনেও। ‘যাত্রিক’ নামে একটি অ্যাপের মাধ্যমেই করা যাবে এই বুকিং। রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় তৈরি করা হয়েছে এই অ্যাপ।
রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপটি উদ্বোধন করে বলেন, “ট্যাক্সি সাধারণ মানুষের জন্য খুবই দরকারি। আজকের দিনে অ্যাপ নির্ভর ট্যাক্সির প্রচলন হওয়ার ফলে এই ট্যাক্সিরও প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন। আজকের এই অ্যাপটির ফলে ড্রাইভার ও পরিষেবা প্রদানকারীরা উপকৃত হবেন।”
এই অ্যাপটি ডাউনলোড করার পর ব্যবহারকারীকে রেজিস্টার করতে হবে। লগ ইন করতে ব্যবহারকারীকে নিজের বেশ কিছু তথ্য দিতে হবে। একবার লগ ইন হয়ে গেলে, ব্যবহারকারী নিজের জায়গায় ট্যাক্সি খুঁজে নিতে পারবেন।
আপাতত হলুদ ও নীল-সাদা মিলিয়ে ৩০০ ট্যাক্সি আছে এই অ্যাপের আওতায়। এরপর আরও ট্যাক্সিকে এর অন্তর্ভুক্ত করা হবে। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই পাওয়া যাবে ট্যাক্সি, তাঁর পর গন্তব্যে পৌঁছে মিটার অনুযায়ী ভাড়া মিটিয়ে দিলেই হবে ও এর ফলে ট্যাক্সি ড্রাইভারদের রিফিউস করাও কমবে
