মহীন অন্তহীন, ‘যোগেন চৌধুরী ৮৫’ : সপ্তাহজুড়ে এ রাজ্যে কোথায়, কখন, কী?

রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর, জানাচ্ছে বঙ্গদর্শন.কম

সব গল্পের নাম হয় না

স্বপন কুমার কে? এই প্রশ্নটির উত্তর জানে না এ প্রজন্ম। অথচ একসময় এঁর অভিনীত যাত্রাপালা দেখার জন্য বিনিদ্র রাত কাটাতেন হাজার-হাজার মানুষ। যাত্রার পাশাপাশি বাংলা ছবির জগতেও তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। যাত্রা-সংস্কৃতি থেকে আলো সরে যাওয়ার পর কেমন ছিল তাঁর জীবন, এই প্রশ্নেরই উত্তর খুঁজতে এবং এ প্রজন্মকে স্বপন কুমার সম্বন্ধে অবহিত করতে ‘সব গল্পের নাম হয় না’ (This is not an interview) নামে একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্য-কল্প চিত্র তৈরি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তংসু কর্মকার। ছবিটি প্রথমবার প্রদর্শিত হবে ১৩ ফেব্রুয়ারি, দুপুর ২টোয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে। প্রবেশ অবাধ।

‘যোগেন চৌধুরী ৮৫’

আজকের শিল্প প্রেক্ষাপটে চিত্রী যোগেন চৌধুরীর অবস্থানটি কোথায়, সে প্রসঙ্গে আমাদের মনে কোনও দ্বিমত নেই। কলাশিল্পের বিভিন্ন বিভাগে অনায়াস যাতায়াত ঘটলেও চিত্রকলার আসরেই তাঁর সর্বাধিক প্রসিদ্ধি, তিনি এ দেশের এক জন প্রথম সারির চিত্রকর। পিছনে তাকিয়ে প্রথিতযশা এই শিল্পীর যাত্রাপথের দিকে লক্ষ করলে বোঝা যায়, কী ভাবে সময়ের সঙ্গে তা বাঁক নিয়ে এগিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি ৮৫ পূর্ণ করবেন। সেই উপলক্ষ্যে যোগেন চৌধুরী একক প্রদর্শনীর আয়োজন করেছে ‘দেবভাষা’। ১৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেরুয়ারি দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত সব শিল্পরসিকের জন্য সূচিত হচ্ছে সারা বছরের উৎসব ‘যোগেন চৌধুরী ৮৫’।

‘মেচ দেশের কন্যা’

আলিপুরদুয়ারের নারারথলি গ্রামের মেচ জনজাতি এই পালার ধারক ও বাহক। এই পালা আলিপুরদুয়ারের সমাজ ও জঙ্গলময় প্রকৃতির সাক্ষী হয়ে রয়েছে যুগ যুগ ধরে। এই পালার কাহিনিতে তুলে ধরা হয়েছে রাক্ষস ও অসুর তাদের ক্ষমতাবলে সমস্ত কিছু জয় করতে চায়, এমনকী নারী ও শিশুদের হত্যা করে সর্বগ্রাসী ক্ষমতা প্রদর্শনে মত্ত তারা। ‘রবীন্দ্রভারতী থিয়েটার রেপার্টয়্যার’ আয়োজিত উত্তরবঙ্গের লোককাহিনি অবলম্বনে নাটক ‘মেচ দেশের কন্যা’ মঞ্চস্থ হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬.৩০টায়। নাটক- সৌমিত্র বসু। নির্দেশনা- তরুণ প্রধান। যোগাযোগ- ৯৪৩৩১৬৫৪২৫ / ৮১০০৯৫৫৫৮৫

মহীন অন্তহীন

মহীনের ঘোড়াগুলির সলতে পাকানো সত্তরের প্রেসিডেন্সির ক্যান্টিনে। “সুদিন কাছে এসো, ভালবাসি একসাথে এই সবকিছু…” সুদিনের স্বপ্ন দেখতে শেখানো গানের দলটির অন্যতম সদস্য, বাংলা গানের ইতিহাসের রদবদলের অন্যতম কারিগর তাপস বাপি দাস গত কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারের সঙ্গে যুঝছেন। তাঁর জন্যে প্রেসিডেন্সির পড়ুয়াদের সাংস্কৃতিক মঞ্চ আইকনের উদ্যোগ- মহীন অন্তহীন: বাপিদার জন্য। আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একত্রিত হতে চলেছেন বাংলার শিল্পীরা। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ ICON-এর পক্ষ থেকে তাপস বাপি দাসের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। প্রবেশ আমন্ত্রণমূলক। আমন্ত্রণপত্রের জন্য হোয়াটসঅ্যাপ করুন: ৭৪৩৯৩০৩২৭৯ অথবা ৯২৩৯২২২৭৫৭ নম্বরে।

মেদিনীপুর লিটারারি মিট ২০২৩

আগামী ১৯ ফেব্রুয়ারি মেদিনীপুরের তরুণ কবিদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা শহরের মেদিনীপুর মহাবিদ্যালয় (স্ব-শাসিত)- এর ‘স্বামী বিবেকানন্দ’ হলে অনুষ্ঠিত হতে চলেছে মেদিনীপুর লিটারারি মিট ২০২৩। এটি তৃতীয় বছর।  ‘কবিতার পাঠকেরাও কি কবি?’ এই বিষয়ে বক্তব্য রাখবেন মৃদুল দাশগুপ্ত, অংশুমান কর, সেলিম মল্লিক। প্রবেশ আমন্ত্রণমূলক।

Developed by DXDasia