‘মিষ্টি’ সাহিত্য উৎসব থেকে অঞ্জনের গান : সপ্তাহজুড়ে এ রাজ্যে কোথায়, কখন, কী?

রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর, জানাচ্ছে বঙ্গদর্শন.কম

অঞ্জনের গানের দল

এখনও কলকাতা অপেক্ষা করে থাকে সত্তর বছর বয়সী গানপাগল যুবকটির জন্য। কলকাতা অপেক্ষা করে থাকে অঞ্জন-অমিত-নীল এই তিন ‘দত্ত’কে একসঙ্গে মঞ্চে দেখার জন্য। ফাইভ ম্যাড ম্যান (Five Mad man)-এর আয়োজনে ভালোবাসা দিবসের প্রাক্কালে আরও একবার লাইভ পারফরম্যান্স করতে চলেছে অঞ্জনের গানের দল। ১০ ফেব্রুয়ারি, 5MM INDIE DIARIES-এ হবে গানের অনুষ্ঠানটি। টিকিট: https://insider.in/indie-stories-anjan-dutt-the-electric-band-feb10-2023/event

যুগলস্‌-এর সাহিত্য উৎসব

খাওয়ার শুরুটা শাক-শুক্তো অথবা মাছ-মাংস দিয়ে হলেও শেষটা হয় সেই মিষ্টিমুখেই। গোটা বাংলা জুড়ে রয়েছে নানান সব মিষ্টির ইতিহাস। কলকাতা জুড়ে রয়েছে প্রাচীন সব মিষ্টির দোকানের সন্ধান। বাংলার মিষ্টি নিয়ে বিশ্বের প্রথম ‘লিটারেচার ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে কলকাতায়। টাউন হলে ১১ এবং ১২ ফেব্রুয়ারি, দু'দিন ব্যাপী নক্ষত্রখচিত যুগলস্‌ সাহিত্য উৎসবের আয়োজন করেছে যুগলস্। এ বছরই শহরের ঐতিহ্যবাহী এই মিষ্টান্ন ভাণ্ডারটি শতবর্ষ পূর্ণ করলো। বিশেষ এই সাহিত্য উৎসবে থাকবে মনোজ্ঞ আলোচনা, কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী; সবই মিষ্টি-কে ঘিরে। টিকিট: https://www.jugalslitfest.org/events/inaugural-day-jugals-literature-festival-1

রেজওয়ানা চৌধুরী বন্যা একক

এপার-ওপার, দুই বাংলাতেই তাঁর গাওয়া রবীন্দ্রনাথের গান সমান ভাবে জনপ্রিয়। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশের এই সংগীতশিল্পীকে ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান করেছে। ১২ ফেব্রুয়ারি, কলকাতার কলামন্দিরে ফের একবার ‘সুখের মাঝে তোমায় দেখেছি’ একক সন্ধ্যায় রবীন্দ্রগান শোনাতে চলেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানের আয়োজক- সম্পর্ক। টিকিট: https://insider.in/sukher-majhe-tomay-dekhechi-i-rezwana-choudhury-bannya-feb12-2023/event

দায় আমাদেরও!

‘Judgment at Nuremberg’ নাটকটি লিখেছিলেন আমেরিকান লেখক অ্যাবি মান। সেই নাটকটিকেই বাংলা নাট্যরূপ দিয়েছেন সুমন্ত্র চটোপাধ্যায়। নির্দেশনায় বিপ্লব বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় ইতিমধ্যেই কিছু শো ইতিমধ্যেই হয়েছে, এবার, এই ফেব্রুয়ারিতে উত্তরবঙ্গে পৌঁছে যাচ্ছে প্রাচ্য নাট্যদলের প্রযোজনা ‘দায় আমাদেরও!’ ৭ ফেব্রুয়ারি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সন্ধে ৬.৩০টায় মঞ্চস্থ হতে চলেছে নাটকটি। এছাড়াও, ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি কোচবিহার ও জলপাইগুড়িতেও রয়েছে শো।

Developed by DXDasia