রাজ্যের নানান অনুষ্ঠানের খবরাখবর, জানাচ্ছে বঙ্গদর্শন.কম
৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা
৩০ জানুয়ারি দুপুর দুটোয় প্রথা মেনে ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর বইমেলায় সর্বমোট প্রায় ৯০০টি স্টল থাকবে। বাংলাদেশের ৪৩টি প্রকাশনী অংশগ্রহণ করবে। থিম কান্ট্রি স্পেন। সেন্ট্রাল পার্ক (করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে) বইমেলা প্রাঙ্গনে মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আশা করা হচ্ছে, এবার ভিড় হবে রেকর্ড সংখ্যক।

কলকাতার চিন
এইচ পি বিশ্বাস সেন্টার ফর ইন্ডিয়া-চায়না কালচারাল স্টাডিস-এর আয়োজনে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আই আর সেমিনার হলে একটি বিশেষ বক্তৃতা আয়োজিত হয়েছে ৩০ জানুয়ারি, দুপুর ২.৩০টেয়। কলকাতায় অবস্থিত চিনা ঘাঁটিগুলি নিয়ে বক্তব্য রাখবেন ড. অ্যালবার্ট তাং, যিনি তাইওয়ানের ফু জেন ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের সংযোগকারী শিল্প বিভাগের সহকারী অধ্যাপক এবং তাইওয়ানের সাউথ এশিয়ান স্টাডিজ-এর ভাইস প্রেসিডেন্ট। প্রবেশ অবাধ।

পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত স্মরণে
পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত-র জন্মদিন (১ ফেব্রুয়ারি) উপলক্ষে বিশ্ব সরোদ দিবস উদযাপন করতে চলেছে ইন্ডিয়ান পারফর্মিং আর্টস কনফারেন্স। কলকাতার আইসিসিআর-এ একটি মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সরোদ পরিবেশন ছাড়াও থাকছে সরোদ নিয়ে বিশিষ্টদের বক্তৃতা, কত্থক নাচ, তবলা, ধ্রুপদী সংগীত। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সংগীত নাটক অকাদেমি পুরস্কার প্রাপ্ত বিদূষী শুভ্রা গুহ। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৫টায়, চলবে ৯টা পর্যন্ত। প্রবেশ অবাধ।

বাঁকুড়ায় ‘জয়পুর উৎসব ২০২৩’
জয়পুর ব্লকের ব্যাবস্থাপনায় জয়পুর উৎসব কমিটির পরিচালনায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জয়পুর উৎসব ২০২৩। স্থান: জয়পুর হাইস্কুল মাঠ। বিভিন্ন খ্যাতনামা শিল্পীগন বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। উদ্বোধন হবে মল্লভূম সংগীতায়নের অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

৪র্থ বর্ষে বেহালা আর্ট ফেস্ট
কলকাতা হল ভারতের সাংস্কৃতিক রাজধানী। শিল্প এখানে জীবনের উদযাপন। বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে বিগত ৪ বছর যাবৎ তারই প্রতিফলন। অন্যান্য বছরের মতো সাধারণ একটা পাড়াকে রং-রূপে অসাধারণ করে তুলেছেন শিল্পীরা। বেহালা নূতন সংঘের উদ্যোগে চতুর্থ বছরে পা রাখল ‘বেহালা আর্ট ফেস্ট’। এবছর শ্রদ্ধা জানানো হচ্ছে ঋত্বিক ঘটককে। খোলা আকাশের নিচে এই অভিনব এই প্রদর্শনীর আহ্বায়ক শিল্পী সনাতন দিন্দা। তিনি ছাড়াও বহু স্বনামধন্য শিল্পী এই উৎসবে অংশ নেন। শিল্প-উৎসব চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি।

বাঁশি এবং বেহালার যুগলবন্দী
বাঁশি এবং বেহালার সুরে মুখরিত হতে চলেছে গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কাচলচারের বিবেকান্দ প্রেক্ষাগৃহ। ৪ ফেব্রুয়ারি সন্ধে ৬টা থেকে বাঁশি এবং বেহালার যুগলবন্দী পরিবেশন করবেন দুই যন্ত্রী, ইন্দ্রজিৎ বসু এবং অম্লান হালদার। তবলায় সমীর নন্দী।

সাবর্ণদের সপ্তদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসব
উত্তমকুমারকে একজন সংগীতশিল্পী হিসেবে ক’জন চেনেন? জানেন কি, শুটিং ও ব্যস্ততার ফাঁকে রীতিমতো রেওয়াজ করতেন বাংলা সিনেমার মহানায়ক? এবার বাঙালির ম্যাটনি আইডল উত্তমকুমারকে একজন সংগীতশিল্পী হিসেবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বড়িশার সাবর্ণ পরিবার। তাদের সপ্তদশ আন্তর্জাতিক ইতিহাস উৎসবে এবারের মূল আকর্ষণ উত্তমকুমার, উৎসবের থিম কেনিয়া। সেখানকার সরকারের সহায়তায় হরেক জিনিস হাজির থাকবে প্রদর্শনীতে। পাশাপাশি আরও কিছু আকর্ষণীয় জিনিস থাকছে। বড়িশায় সাবর্ণদের ‘বড়বাড়ি’তে প্রদর্শনী চলবে ৫ থেকে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৯টা পর্যন্ত। প্রবেশ অবাধ।

এসপ্লানেডে হাঁটাহাঁটি
আমেরিকান লেখক রবার্ট ফালগাম বলেছিলেন, “I believe imagination is stronger than knowledge, that myth is more potent than history”. কলকাতা শহরের পদে পদে ছড়িয়ে রয়েছে এরকম হাজারও গুরুত্বপূর্ণ ইতিহাস। এসপ্লানেড বা ধর্মতলা চত্বর সেরকমই একটি ঐতিহাসিক স্থান, পায়ে হেঁটে যা ঘুরে দেখানোর ব্যবস্থা করেছে Kolkata Explorers – Kolkata Walking, Heritage, City Tours. ৫ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৭টায় মেট্রোপলিটন বিল্ডিং থেকে এই ভ্রমণ শুরু হবে। শেষ হবে সকাল ১০টায়। প্রাতঃরাশ দেওয়া হবে। খরচ পড়বে মাথা পিছু ১৫৫০/- টাকা। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন ৯৮৭৪০৬২৯৬২ নম্বরে।
