
সারা রাজ্যে চালু হচ্ছে অভিনব পরিষেবা
রক্ত ও অন্যান্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করারে জন্য সরকারি হাসপাতালে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ। রাশি রাশি কাগজের স্তূপ সরিয়ে রোগীদের রিপোর্ট খুঁজে বার করার হয়রানিও আর থাকবে না। রোগীর রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারে দিলেই রিপোর্টের প্রিন্ট আউট বেরিয়ে আসবে। তার পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসেও মিলবে সব রকমের রিপোর্ট। এর ফলে বাঁচবে সময়, চিকিৎসাও হবে দ্রুত।
বেশ কিছু বেসরকারি নার্সিংহোম এবং ডায়গনস্টিক সেন্টারে এসএমএসের মাধ্যমে রোগ ও রক্ত পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এখন কলকাতা মেডিক্যাল কলেজ, পিজি, আরজি কর, ন্যাশানাল মেডিক্যাল কলেজের মতো সরকারি হাসপাতালগুলোতেও এই পরিষেবা চালু হয়েছে। এরপর ধীরে ধীরে এনআরএস এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজেও পাওয়া যাবে এই বন্দোবস্ত। সারা রাজ্যেই এইভাবে নতুন পরিষেবা চালু হয়ে যাবে।
